কপিরাইট লঙ্ঘন না করার আহ্বান বেসিসের
বেসিসের প্রতিষ্ঠাতা সহসভাপতি, বিসিএসের সাবেক সভাপতি ও বিজয়ের স্বত্বাধিকারী জনাব মোস্তাফা জব্বার সম্প্রতি গুগল কর্তৃপক্ষের কাছে অনুমতি ছাড়া পেটেন্ট ব্যবহার করায় দুটি অ্যাপ অপসারণের জন্য অনুরোধ করেন। তার অনুরোধে গুগল কর্তৃপক্ষ প্লেস্টোর থেকে অ্যাপ দুটি অপসারণ করে। এর পর থেকে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ও অনলাইন পোর্টালে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি বেসিসকে জানিয়েছেন।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে প্রায় ২৮ বছর ধরে সংশ্লিষ্ট মোস্তাফা জব্বারকে এভাবে হেয়প্রতিপন্ন করা এবং ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য মোটেও ইতিবাচক নয় বলে মনে করে বেসিস। বেসিস এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সফটওয়্যার খাতের উন্নয়নে মেধাস্বত্ব আইন সংরক্ষণ করা জরুরি। যেহেতু বিজয় সফটওয়্যারের স্বত্বাধিকারী মোস্তাফা জব্বার এটির কপিরাইট ও পেটেন্ট করেছেন, তাই এর হুবহু কিংবা আংশিক পরিবর্তন করে বাণিজ্যিক এমনকি বিনা মূল্যে বিতরণ করাও সমীচীন নয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাকে জনপ্রিয় করার জন্য কপিরাইট বা উন্মুক্ত যেকোনো উদ্যোগ প্রশংসনীয়। যাঁরা নিজ উদ্যোগে বাংলার ব্যবহার সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বেসিস সব সময় তাঁদের পাশে থাকবে।
তবে উন্মুক্ত সফটওয়্যারের ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন না করে নতুন উদ্ভাবন বা প্রয়োজনীয় লিখিত পার্টনারশিপ জরুরি বলে উল্লেখ করা হয়।
—বিজ্ঞপ্তি