কম আলোতেই ছবি তুলবে স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এতে সাধারণত ছোট আকারের লেন্স এবং সেন্সর ব্যবহার করা হয়। আর তাই এ দিয়ে অল্প আলোয় ছবি তোলা সম্ভব হয় না। সম্প্রতি সনি তাদের স্মার্টফোন ক্যামেরা সেন্সরে যোগ করেছে নতুন প্রযুক্তি। গবেষকেরা জানিয়েছেন, লাল, নীল এবং সবুজ আলো (আরজিবি) শনাক্তকারী সেন্সরের সঙ্গে এবার যোগ করা হবে সাদা রঙের পিক্সেল। সনি কর্তৃপক্ষ দাবি করেছে, নতুন এ প্রযুক্তিতে স্মার্টফোনের মাধ্যমে কম আলোতেও ছবি তোলা সম্ভব হবে। এ ক্যামেরা সেন্সরের মাধ্যমে আলো নিয়ে আর ব্যবহারকারীকে ভাবতে হবে না। তা ছাড়া এ প্রযুক্তিটি যন্ত্র নির্মাতারাও লুফে নেবেন বলে সহজেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, কোডাক গত ২০০৭ সালে একই ধরনের প্রযুক্তি পেটেন্ট করিয়েছিল। তবে কোডাক এবং সনির মধ্যে এ বিষয়ে কোনো রকম চুক্তি হয়েছে কি-না তা নিয়ে প্রতিষ্ঠান দুটির পক্ষে কেউ মুখ খোলেননি। কর্তৃপক্ষ আশা করছেন, আগামী ২০১৩ সালের শুরুতেই এ নতুন প্রযুক্তির ক্যামেরা বাজারে আসবে। তবে এর দাম এখনো নির্ধারণ করা হয়নি। —বিবিসি অনলাইন অবলম্বনে প্রদীপ সাহা