মুঠোফোনে ছবি তোলেন যে আলোকচিত্রীরা, তাঁদের একটি বড় সমস্যা হলো কম আলোয় ভালো ছবি তোলা যায় না। আকার ছোট রাখতে মুঠোফোন ক্যামেরার লেন্সের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তা সত্ত্বেও গত এক দশকে মুঠোফোন ক্যামেরার উন্নয়ন উল্লেখযোগ্য বলতেই হবে। তবে কম আলোতে ছবি তোলার সমস্যাটি এখনো প্রধান দুর্বলতা হিসেবে ধরা হয়।
ফ্লোরিয়ান কেইঞ্জ নামের গুগলের এক গবেষক সমস্যাটির সমাধানে একটি সফটওয়্যার তৈরি করেছেন। গুগল ডে-ড্রিম দলের সফটওয়্যার প্রকৌশলী ফ্লোরিয়ানের উদ্ভাবিত পদ্ধতিতে গুগল পিক্সেল ও গুগল নেক্সাস ৬পি মুঠোফোনে বেশ অন্ধকার পরিবেশেও ট্রাইপডের সাহায্যে পেশাদার ক্যামেরা মানের ছবির মতোই ভালো ছবি তোলা সম্ভব হয়েছে। সে জন্য ফ্লোরিয়ান একটি দৃশ্যের একটি স্থিরচিত্র নেওয়ার বদলে একসঙ্গে বেশ কিছু স্থিরচিত্র নিয়ে তা বিশ্লেষণ করে সেরা ছবি নির্বাচন করেন, এতে সেন্সর নয়েজ কমে যায়।
গুগলের আরেক গবেষক মার্ক লেভয়ের গবেষণার ওপর ভিত্তি করে সফটওয়্যারটি দাঁড় করিয়েছেন ফ্লোরিয়ান। পরে এ নিয়ে তিনি আরও কাজ করেছেন। তিনি প্রথমত খুব সাধারণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার সাহায্যে তিনি একসঙ্গে ক্যামেরার এক্সপোজারের সময়, আইএসও এবং ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করতে পারেন এবং খুব কম সময়ের মধ্যে একই দৃশ্যের ৬৪টা পর্যন্ত ছবি তুলতে পারেন। সবগুলো ছবি তোলার পর খুবই সামান্য নড়াচড়াও ঠিক করে নিখুঁত ছবি পাওয়া সম্ভব।
ফ্লোরিয়ানের প্রক্রিয়াটিতে সফল হতে এখনো বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে, যত দিন না অন্ধকারে একটি ছবি তুলেই ভালো ফল পাওয়া যায়। এ ছাড়াও একটি নিখুঁত ছবি পাওয়ার জন্য ছবি তোলার পরে কিছু বিরক্তিকর সম্পাদনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে এ বিষয়ে ফ্লোরিয়ান কেইঞ্জ বলেছেন, সঠিক একটি সফটওয়্যারের মাধ্যমে একটি মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবেই ছবি সম্পাদনা করতে পারবে। ফ্লোরিয়ান এ নিয়ে কোমর বেঁধেই কাজ করছেন এবং আশা করা যাচ্ছে শিগগিরই স্মার্টফোনের জন্য এমন সুবিধার অ্যাপ পাওয়া যাবে।
মারিফুল হাসান, সূত্র: ম্যাশেবল