কম খরচে লেন্স তৈরির সহজ উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম খরচে লেন্স তৈরি
কম খরচে লেন্স তৈরি

খুব কম খরচে লেন্স তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) গবেষকেদের উদ্ভাবিত সহজ ও সাশ্রয়ী উপায়ে লেন্স তৈরির এই পদ্ধতিটি গবেষক, শিক্ষার্থী ও এক্ষেত্রে আগ্রহীদের গবেষণার কাজে লাগবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে বলা হয়েছে, সাধারণত কাচের ডিস্ক ঘষে ও মসৃণ করে তা নির্দিষ্ট কোণে বাঁকিয়ে লেন্স তৈরি করা হয়। এ পদ্ধতিতে লেন্স তৈরি করতে প্রচুর খরচ হয় এবং পদ্ধতিটিও জটিল। দীর্ঘদিন ধরে লেন্স তৈরিতে এই পদ্ধতিটিই ব্যবহূত হচ্ছে। অস্ট্রেলিয়ার গবেষকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি নতুন এ পদ্ধতিতে লেন্স তৈরির ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহূত হয়, একটি কাচের স্লাইড ও জেলের মতো এক ধরনের পলিমার পলিডাইমিথাইলসিলোজেন(পিডিএমএস) ব্যবহূত হয়।
গবেষক স্টিভ লি জানিয়েছেন, ‘লেন্স ফেব্রিকেশন প্রযুক্তি উন্মুক্ত হওয়ায় আমি সত্যিই রোমাঞ্চিত। এতে খুব কম খরচে যে কেউই লেন্স তৈরি করে নিতে পারবেন।’
লেন্স তৈরির প্রক্রিয়া সম্পর্কে গবেষকেরা জানান, অল্প একটু পিডিএমএস স্লাইডের ওপর রেখে ৭০ ডিগ্রি তাপমাত্রায় একে ওভেনে রাখলে তা শক্ত হয়ে যায়। এটি লেন্স তৈরির ‘বেস’ বা মূল উপাদান হিসেবে ধরা হয়। পরে এই বেসটির ওপর আরেক ফোঁটা পিডএমএস যুক্ত করে স্লাইডটিকে আস্তে আস্তে ঘোরালে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটি বাঁকানো একটি আকার পাবে। এরপর তাকে আবার ওভেনে রেখে শক্ত করতে হবে। এভাবে লেন্সের আকার ও মান ভালো করতে পদ্ধতিটি কয়েকবার অনুসরণ করা যেতে পারে।
বায়োমেডিক্যাল অপটিকস এক্সপ্রেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা দাবি করেছেন, চিকিত্সাক্ষেত্রে কম খরচে তৈরি এই লেন্স কাজে লাগতে পারে। এ ছাড়া স্মার্টফোনের ক্যামেরার সঙ্গে এই লেন্স যুক্ত করে নানারকম গবেষণার কাজে লাগানো যেতে পারে।
বর্তমানে গবেষকেরা এই পদ্ধতিতে আরও বড় আকারের লেন্স তৈরি ও তার কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন।