কম খরচে সৌর প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌর প্যানেল
সৌর প্যানেল

সূর্যশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত সৌর প্যানেল বা সৌরকোষ উৎপাদনে বড় ধরনের কারিগরি অগ্রগতি এসেছে৷ ফলে, আরও সাশ্রয়ী, বেশি নিরাপদ এবং তুলনামূলক সহজে ব্যবহারের উপযোগী সৌর প্যানেল তৈরি করা সম্ভব হবে৷ এতে আগামী এক দশকে সৌরশক্তি ব্যবহারে যুগান্তকারী পরিবর্তন আসবে৷ যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী সেই প্রতিশ্রুতি দিয়েছেন৷
নতুন সৌর প্যানেলটির উৎপাদন পরিবেশবান্ধবও হবে৷ কারণ, সাধারণ সৌর প্যানেল তৈরিতে একধরনের বিষাক্ত রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়৷ কিন্তু নতুন প্যানেলটিতে সেই উপাদানের পরিবর্তে লবণ ব্যবহৃত হয়েছে৷
সৌর প্যানেল সাধারণত বাড়িঘরের ছাদে স্থাপন করা হয়৷ তবে বিদ্যুৎ উৎপাদনে এটির বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে৷ গবেষকেরা এবার আগামী প্রজন্মের সৌর প্যানেল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধতাটি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ বিষাক্ত রাসায়নিক উপাদান ক্যাডমিয়াম ক্লোরাইডের পরিবর্তে তাঁরা নতুন প্যানেল তৈরিতে ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম ক্লোরাইড, যা কিনা সমুদ্রের পানিতে লবণ হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া যায়৷ এটি ব্যবহারে উৎপাদন খরচ অনেক কমে যাবে৷
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জন মেজর৷ তিনি বলেন, সৌর প্যানেলের মতো যন্ত্র তৈরির খরচ অনেকটাই কমে আসবে৷ বর্তমান পদ্ধতিতে এতে জীবাশ্ম জ্বালানির মতোই খরচ পড়ে৷ কিন্তু ম্যাগনেশিয়াম ক্লোরাডই খুবই সুলভ এবং সাগরের পানি থেকে সহজেই এটি আহরণ করা যায়৷ শীতপ্রধান দেশগুলোয় রাস্তা বরফমুক্ত করতে এটি বিপুল পরিমাণে ব্যবহার করা হয় এবং এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না৷ কাজেই সৌর প্যানেল উৎপাদনে ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল উপাদান ক্যাডমিয়ামের পরিবর্তে এখন থেকে অতি সাশ্রয়ী লবণ ব্যবহার করা যাবে৷
বর্তমানে প্রচলিত ৯০ শতাংশ সৌর প্যানেলে অর্ধপরিবাহী সিলিকনের ফোটোভোল্টাইক (পিভি) কোষ ব্যবহৃত হয়৷ এটি সূর্যালোককে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে৷ কিন্তু সূর্যালোক শোষণে সিলিকন ততটা ভালো নয়৷ আগামী প্রজন্মের সৌর প্যানেলে ব্যবহার করা হবে ক্যাডমিয়াম টেলুরাইডের সরু পিভি কোষ৷ এটি সূর্যালোক শোষণে অনেক বেশি কার্যকর হবে এবং সিলিকনের ১০০ ভাগের ১ ভাগ সরু হবে৷ তবে ক্যাডমিয়াম টেলুরাইডের পিভি কোষ ‘সক্রিয়’ করতে আবার সেই ক্যাডমিয়াম ক্লোরাইডের সহায়তা লাগবে৷ কিন্তু এটি নিরাপদে ব্যবহার করতে পারলে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন ২ থেকে ১৫ শতাংশ বাড়ানো সম্ভব হবে৷
পিভি কোষ সক্রিয়করণে ক্যাডমিয়াম ক্লোরাইডের বিকল্প অনুসন্ধানের চেষ্টা করেছেন লিভারপুলের ওই গবেষকেরা৷ আশার কথা হলো, এখানেও বিকল্প উপাদান হিসেবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ব্যবহারের সুযোগ রয়েছে৷ নেচার সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ সূত্র: ইনডিপেনডেন্ট৷