কম মূল্যে আরও গতিশীল ইন্টারনেট চান ৮১ শতাংশ ব্যবহারকারী। বর্তমানে দেশে ইন্টারনেটের প্রচলিত গতি ও মূল্যের ব্যাপারেও সন্তুষ্ট নন ব্যবহারকারীরা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) পরিচালিত ‘কেমন ইন্টারনেট চাই’ শীর্ষক এক জরিপে এসব তথ্য পাওয়া গেছে। ১২ থেকে ১৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার মেলায় আসা ৯০০ ইন্টারনেট ব্যবহারকারীর ওপর এই জরিপ চালানো হয়।
স্মার্টফোন মেলার শেষ দিনে বিআইজেএফ ও এক্সপো মেকার আয়োজিত ‘কেমন ইন্টারনেট চাই’ সংলাপে ইন্টারনেটবিষয়ক এ জরিপের প্রতিবেদন উপস্থাপন করা হয়। জরিপ প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানান বিআইজেএফের সহসভাপতি তরিক রহমান। তিনি জানান, দেশে ইন্টারনেটবান্ধব পরিবেশ রয়েছে এমন মত দিয়েছেন সিংহভাগ ব্যবহারকারী। তবে ৯১ শতাংশ অভিভাবক মনে করেন, দেশের ইন্টারনেট শিশুবান্ধব নয়। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের জন্য দরকারি আরও ওয়েবসাইট তৈরি, ইন্টারনেটে বাংলা বিষয়বস্তু বাড়াতে সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ৮০ শতাংশ মানুষ।
সংলাপ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ডিজিটাল বাংলাদেশে সুলভ মূল্যে উচ্চ গতির ইন্টারনেট সবার অধিকার। বিষয়টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। সরকার বারবার ইন্টারনেট ব্যবহারের খরচ কমানোর কথা বললেও এর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী দাম কমায়নি। তিনি আরও জানান, সরকার সাড়ে পাঁচ বছরে স্কুল, কলেজ, মাদ্রাসায় তিন হাজার ৩৭২টি কম্পিউটার ল্যাব তৈরি করেছে।
ইন্টারনেটের মূল্য নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘ইন্টারনেটের দাম কমানো হয়নি, এ বিষয়টি ঠিক নয়। ইন্টারনেটের দাম সরকারের সঙ্গে আইএসপিএবির সদস্যপ্রতিষ্ঠানগুলোও কমিয়েছে। গ্রাহক পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’
অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব স্ট্র্যাটেজি এরল্যান্ড প্রেস্টগার্ড বলেন, গ্রামীণফোন ‘সবার জন্য ইন্টারনেট’ নিয়ে কাজ করছে। সারা দেশে কম মূল্যে ও সহজে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য দরকার প্রযুক্তি নিরপেক্ষতা, যেকোনো ব্র্যান্ডে ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ।’
সংলাপে বক্তৃতা করেন বাংলাদেশ উইমেন ইন আইটির সভাপতি লুনা শামসুদ্দোহাসহ অনেকে। সভাপতিত্ব করেন বিআইজেএফের সভাপতি মুহম্মদ খান। সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।