কম দামের মোবাইল ফোন তৈরিতে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মের ঘোষণা দিচ্ছেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিশাই
অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মের ঘোষণা দিচ্ছেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিশাই

কম দামে মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে চায় গুগল। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক সম্মেলনে কম দামি স্মার্টফোনের জন্য ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ নামের একটি উদ্যোগের কথা জানিয়েছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি। খবর এএফপির।

অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামি মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের মধ্যে।

গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিশাই নতুন অপারেটিং সিস্টেমের ঘোষনা দিয়ে বলেন, এটি কমদামি স্মার্টফোন নির্মাতাদের সহজেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ তৈরি করবে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে।

সুন্দর পিশাই বলেন, সারা বিশ্ব জুড়েই আমরা অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম চালু করব তবে সবার আগে ভারতে এটি উন্মুক্ত করা হবে। এখন ভারতের বিভিন্ন টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সাশ্রয়ী খরচে অ্যান্ড্রয়েড ওয়ানচালিত ফোন আনতে কাজ করছে গুগল।

সুন্দর পিশাই বলেন, আমরা দীর্ঘদিন ধরেই আশা করছি সবখানে সবার হাতে যদি সর্বশেষ প্রযুক্তি ও বিশ্বের তথ্য পৌঁছানো সম্ভব হয় তবে অসাধারণ এক সম্ভাবনা তৈরি হবে। সেই সম্ভাবনা খুঁজে বের করার এখনই উপযুক্ত সময়।

বর্তমানে গুগল ও ফেসবুক বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে বিভিন্ন উপায়ে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বাজার বিশ্লেষকেরা মনে করেন, যত বেশি মানুষের কাছে ইন্টারনেট পৌছাবে তত বেশি ওয়েবসাইট বা অনলাইনে আসবে তারা। এতে বিজ্ঞাপনের বাজার এবং অনলাইন কেনাকাটার সুযোগ বড় হবে।