কমদামি ফোনে মাইক্রোসফটের চোখ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাশ্রয়ী মোবাইল আনতে কাজ করবে মাইক্রোসফট
সাশ্রয়ী মোবাইল আনতে কাজ করবে মাইক্রোসফট

নকিয়ার মোবাইল ফোন বিভাগটি এখন মাইক্রোসফটের অধীনে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি এর আগে ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছে। কিন্তু এবারের লক্ষ্য? মাইক্রোসফটের এবারের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী ফোনের পাঁচ হাজার কোটি ডলারের বাজার ধরা।

নকিয়া এক সময় মোবাইল ফোনের বাজারে জনপ্রিয়তার শীর্ষে ছিল। কিন্তু গত কয়েক বছর ধরেই নকিয়া তার জৌলুস হারিয়েছে। নকিয়ার মোবাইল বিভাগটির বর্তমান মালিক মাইক্রোসফট নকিয়ার হারানো জৌলুস ফিরিয়ে আনতে কাজ করার পরিকল্পনা করছে।

মাইক্রোসফটের অধীনে আসার আগে থেকে স্যামসাং ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল নকিয়া। ২০১১ সালে ‘লুমিয়া’ ফোন বাজারে আনতে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছিল নকিয়া। বাজার-বিশ্লেষকেরা অবশ্য মাইক্রোসফটের বর্তমান লক্ষ্য উদ্দেশ্য পূরণের পথটিকে সুগম বলেই মনে করছেন। কারণ ইতিমধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মটি জনপ্রিয় হতে শুরু করেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালের শেষ প্রান্তিক অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করলে দেখা গেছে অপারেটিং সিস্টেমের বাজারে তৃতীয় স্থানে রয়েছে উইন্ডোজ ফোন। শীর্ষ দুটি অবস্থানে রয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস।

আইডিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সাশ্রয়ী স্মার্টফোনের বাত্সরিক পাঁচ কোটি টাকার বাজার দখল করতে নকিয়ার মোবাইল ফোন ব্যবসাকে কাজে লাগাবে মাইক্রোসফট। মাইক্রোসফট সার্ভিসের পরিচিতির মাধ্যমে নতুন গ্রাহকের কাছে পৌঁছাবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান।

এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে জানিয়েছে, সুপরিচিত নকিয়ার মোবাইল বিভাগটির নাম পরিবর্তনের মধ্য দিয়েই নকিয়া মোবাইলের পথ চলা থামিয়ে দেবে মাইক্রোসফট। নকিয়ার মোবাইল বিভাগটির নাম পরিবর্তন করে মাইক্রোসফট মোবাইল নাম দেবে মাইক্রোসফট কর্তৃপক্ষ। নকিয়া ব্র্যান্ড নামটি ব্যবহার করার অধিকার রয়েছে বর্তমান নকিয়া কর্তৃপক্ষের। সাড়ে সাতশো কোটি মার্কিন ডলারের চুক্তিতে এক দশকের জন্য নকিয়া ব্র্যান্ড নামটি ব্যবহার করার অনুমতি পেয়েছে  মাইক্রোসফটও। এ ছাড়াও লুমিয়া ও আশা ব্র্যান্ডটিও ব্যবহার করতে পারবে মাইক্রোসফট।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের উদ্যোগের ফলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে উইন্ডোজনির্ভর মুঠোফোন সেটের দামও কমে যেতে পারে। মাইক্রোসফটের এন্ট্রি লেভেলের স্মার্টফোনের দাম কমাতে কাজ করবে বলে আশা করছেন মাইক্রোসফট ইন্ডিয়া অপারেটর চ্যানেল গ্রুপ পরিচালক শার্লিন থায়িল।

ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে শার্লিন জানিয়েছেন, নকিয়া ও মাইক্রোসফটের চুক্তির ফলে মুঠোফোন ক্রেতারা  কমদামের হ্যান্ডসেটের আশা করতে পারেন। ফিচার ফোন ও এন্ট্রি লেভেল স্মার্টফোনে ক্রেতাদের আগ্রহ বাড়াতে মাইক্রোসফট উদ্যোগ নেবে বলে মনে করেন তিনি।

শার্লিন জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মুঠোফোনের দাম কমে আসবে। দাম কমানোর বিষয়টি পর্যালোচনা করবে মাইক্রোসফট। ফিচার ফোন থেকে গ্রাহক যাতে আরও বেশি স্মার্টফোন মুখাপেক্ষী হন এবং বেশি করে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, এজন্য মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের দামের বিষয়টি খেয়াল রাখবেন তারা।

থ্রি জি নেটওয়ার্ক বিস্তৃত হওয়ায় এখন গ্রাহকরা এই সুবিধার স্মার্টফোনে ঝুঁকছেন। তাই থ্রি জি সুবিধার সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে কাজ করবে মাইক্রোসফট।