কমলা রঙের কর্মী

ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশ স্বাগতিক দেশ বলে কথা! আয়োজক দলের সঙ্গে স্বেচ্ছাসেবকের কাজ করছেন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী। ম্যাচ চলাকালে কমলা রঙের টি-শার্ট পড়া এই তরুণদের দেখা পাওয়া যায় গ্যালারি থেকে শুরু করে মাঠ পর্যন্ত। মাঠে অবশ্য তাঁরা ‘টি-টোয়েন্টি বাডি’ নামেই পরিচিত। তাঁদের মধ্যে কেউ কাজ করছেন প্রচারণায়, কেউ বা মাঠে বা গ্যালারিতে স্বেচ্ছাসেবক হিসেবে, কেউ ব্যবস্থাপনায়।
যিনি যেখানেই কাজ করুন না কেন, তাঁদের সবাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের মহা ভক্ত। যেমন তাশফি মাহমুদ, যিনি কাজ করছেন স্পোর্টস এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্টের টিম লিডার হিসেবে। তিনি তো নিজেকে বাংলাদেশ দলের ‘পাগলা ভক্ত’ বলেই দাবি করলেন! কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০১৪-তে সরাসরি কাজ করতে পেরে মনে হচ্ছে আমি আমার স্বপ্নকেই ছুঁয়ে ফেলেছি। খুব কাছ থেকে খেলোয়াড় আর দর্শকদের দেখব; তাঁদের জয়-পরাজয়, আনন্দ-বেদনা দেখব, যেটা অনেক বড় একটা ব্যাপার।’
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা চৌধুরী ঢাকা ভেন্যুর ভলান্টিয়ার কো-অর্ডিনেটর। গত বছরের ডিসেম্বর থেকেই কাজ শুরু করেছেন তিনি ও তাঁর দল। তিনি মনে করেন, ‘আমাদের জন্য ক্রিকেট শুধু খেলাই নয়, এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।’ একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম চৌধুরী ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার পোকা। তাই বলে এখানে একেবারে মার্কেটিং ডিভিশন হেডের মতো কঠিন নামের পদটি পেয়ে যাবেন, তা কখনো ভাবেননি।
এআইইউবির শিক্ষার্থী জয়দীপ রায় কাজ করছেন জেনারেল ভলান্টিয়ার টিম লিডার হিসেবে। নিজের বিশ্ববিদ্যালয়ে অফিস অব স্পোর্টসের স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন। এখানে কাজ করতে এসে পেয়ে গেছেন তাঁর স্বপ্নের ক্রিকেট হিরোদের। গ্র্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে ধোনি তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন-সেদিনের কথা মনে করে আজও শিহরিত হন তিনি।
মানজারিন সিদ্দিকা মার্কেটিং ভলান্টিয়ার বিভাগের টিম লিডার। মাঠে একই সঙ্গে কাজ করা ও সব ম্যাচ দেখা দারুণ উপভোগ করেন তিনি। রায়হান মাহমুদ ন্যাশনাল ভলান্টিয়ার কো-অর্ডিনেটর লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। পড়ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে। তিনি তাঁর এক মজার ইচ্ছার কথা জানান, তা হলো, টাইগারদের সঙ্গে ‘চার-ছক্কা হই হই’ গানে নাচা। ইফফাত আরা মার্কেটিং ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। প্রথম দিনই কাজ করতে এসে টাইগারদের প্র্যাকটিস করতে দেখে বিশ্বাস করতে পারছিলেন না।
জানতে চাই, তাঁদের পরিবার ও বন্ধুরা কী বলেন। জয়দীপের বন্ধুরা নাকি প্রতি রাতেই তাঁকে ফোন করেন তাঁর অভিজ্ঞতার কথা শুনতে। আর বাসায় ফেরার পর তাশফির ছোট ভাই তাহসিন ও মা গল্প শুনে তবেই ছাড়েন। বোঝা গেল, এই ৩০০ স্বেচ্ছাসেবকই শুধু নন, তাঁদের পরিবার ও বন্ধুরাও কতটা উচ্ছ্বসিত এই ক্রিকেট মহাযজ্ঞ নিয়ে।