সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের কণ্ঠ জাগিয়ে তুলতে এবং মানুষের তথ্যগত ক্ষমতায়ন ঘটানোর ক্ষেত্রে কমিউনিটি রেডিও কার্যকর ভূমিকা রাখতে পারবে। গতকাল সোমবার বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত কমিউনিটি রেডিওবিষয়ক একটি সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সংলাপে বলা হয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা কার্যক্রমগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি রেডিও অতি কার্যকর ভূমিকা রাখতে হবে। খবর বিজ্ঞপ্তির।ইউএসআইডি ও প্রগতির সহায়তায় আয়োজিত এ সংলাপে বক্তারা বলেন, কমিউনিটি রেডিওগুলোকে স্থানীয় সংস্কৃতি ও লোকায়ত জ্ঞানের বিকাশসাধন ও চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও কমিউনিটি রেডিওকে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) উদ্যোগে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, কুড়িগ্রামের উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার, চিলমারী কমিউনিটি রেডিওর উদ্যোক্তা প্রতিষ্ঠান আরডিআরএসের সমন্বয়কারী (শিক্ষা ও প্রশিক্ষণ) নূরুননবী শান্তসহ অনেকে। স্বাগত বক্তব্য দেন বিএনএনআরসির প্রকল্প সমন্বয়কারী মার্ক মানস সাহা। সংলাপটি সঞ্চালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহীন ওয়াদুদ। বিভিন্ন কারিগরি অধিবেশন পরিচালনা করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। সরকারের লাইসেন্স প্রদানের শর্ত অনুযায়ী এপ্রিল ২০১১-এর মধ্যে কমিউনিটি রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু করার কথা। সংলাপে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রক্রিয়াগত কারণে কমিউনিটি রেডিওর কোনো উদ্যোক্তার পক্ষে নির্ধারিত এ সময়ের মধ্যে সম্প্রচার শুরু করা সম্ভব হবে না। সম্প্রচার শুরুর তারিখ আগামী জুন ২০১১ পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয় এ সংলাপে।