কমিউনিটি রেডিও ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে
‘ডিজিটাল বাংলাদেশের সুফল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যথেষ্ট সহায়ক হবে। আর কমিউনিটি রেডিওকে অধিক মাত্রায় গতিশীল ও জনপ্রিয় করে তুলতে দক্ষ জনবলের অংশগ্রহণের কোনো বিকল্প নেই।’ গণযোগাযোগবিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (সিসিডি) উদ্যোগে ১৭ জুলাই থেকে রাজশাহীতে শুরু হওয়া রেডিও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্বের সূচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বক্তারা ১৪টি প্রতিষ্ঠানকে কমিউনিটি রেডিও স্টেশন স্থাপন, সম্প্রচার ও পরিচালনার অনুমোদন দেওয়ায় সরকারের প্রতি অভিনন্দন জানান। তাঁরা বলেন, এর মাধ্যমে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাদের বক্তব্য তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম পেতে যাচ্ছে। বক্তারা আরও বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচি প্রচারিতব্য কমিউনিটি রেডিও স্টেশনগুলোর জন্য দক্ষ জনবল তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘ট্রেনিং অন রেডিও প্রোগ্রামস প্রোডাকশন’ শীর্ষক ওই প্রশিক্ষণ কোর্সের সহায়তায় রয়েছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেসকো। প্রশিক্ষণ কোর্সের প্রথম দিনে বিভিন্ন পর্ব পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মশিহুর রহমান, একই বিভাগের শিক্ষক শাতিল সিরাজ এবং সিসিডির পরিচালক জি এম মুরতুজা। এ প্রশিক্ষণে সাঁওতাল, ওরাও, মাহাতো, মালো, মুন্ডা, দলিত, হাজং, খাড়িয়া, গারো ও চাকমা আদিবাসী জনগোষ্ঠীর ৩৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। ২৪ জুলাই এ প্রশিক্ষণ কোর্স শেষ হবে। প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতায় রয়েছেন সিসিডির কর্মসূচি সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, গোলাম রাব্বানী, রেজাউল পারভেজ, কর্মসূচির ব্যবস্থাপক মানিক সরেন, আখিদুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়।