কমিউনিটি রেডিও নিয়ে চট্টগ্রামে সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের কণ্ঠ জাগিয়ে তুলতে কমিউনিটি রেডিও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে মানুষের তথ্যগত ক্ষমতায়ন ঘটবে। গত ২৭ এপ্রিল বন্দরনগর চট্টগ্রামে অনুষ্ঠিত কমিউনিটি রেডিওবিষয়ক বিভাগীয় সংলাপে এ অভিমত ব্যক্ত করা হয়েছে। সংলাপে আরও বলা হয়, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন সেবা কার্যক্রমগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কমিউনিটি রেডিওকে কার্যকর ভূমিকা রাখতে হবে। খবর বিজ্ঞপ্তির। ইউএসএআইডি ও প্রগতির সহায়তায় আয়োজিত এ সংলাপে বক্তারা বলেন, কমিউনিটি রেডিওগুলোকে স্থানীয় সংস্কৃতি ও লোকায়ত জ্ঞানের বিকাশ সাধনে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) উদ্যোগে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন বিএনএনআরসির ট্রাস্টি বোর্ডের সভাপতি রফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার সামছুল আলম চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, কমিউনিটি রুরাল রেডিও কৃষি তথ্য সার্ভিসের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম, বাঁশখালীর উপজেলা চেয়ারম্যান আলমগীর কবীর চৌধুরী, সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান প্রমুখ। অতিথিদের স্বাগত জানান বিএনএনআরসির প্রকল্প সমন্বয়কারী মার্ক মানস সাহা। সংলাপটির সঞ্চালক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ। সংলাপে একাধিক কারিগরি অধিবেশন পরিচালনা করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।