কমোয়ো ম্যাসেঞ্জার উদ্বোধন করল টেলিনর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমোয়ো ম্যাসেঞ্জারের উদ্বোধন করেছে টেলিনর ডিজিটালের কর্মকর্তারা
কমোয়ো ম্যাসেঞ্জারের উদ্বোধন করেছে টেলিনর ডিজিটালের কর্মকর্তারা

বার্তা আদান প্রদান আরও সহজ করতে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ (আইএম) উন্মুক্ত করেছে টেলিনর ডিজিটাল। আজ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশেষভাবে এ অ্যাপটি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।
গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের দেশের গ্রাহকদের কথা মাথায় রেখে মানানসইভাবে অ্যাপটি তৈরি করা হয়েছে। তরুণদের জন্য কমোয়োতে সংযুক্ত করা রয়েছে বাংলা স্টিকার। কমোয়ো হচ্ছে বাংলা ম্যাসেঞ্জার সেবা। ইন্টারফেস থেকে শুরু কনটেন্ট পর্যন্ত বাংলাদেশি গ্রাহকদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। ইন্টারফেসের পাশাপাশি গ্রুপ ও ভয়েস ম্যাসেজিং ফিচারও বাংলাতে। এর মাধ্যমে টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, ভিডিও, অডিও পাঠানো যাবে। পাশাপাশি গ্রুপ চ্যাট অপশনসহ আরও অনেক ফিচার রয়েছে অ্যাপটিতে। গুগলের প্লেস্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
অনুষ্ঠানে টেলিনর ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট ফ্রোডে ই ভেস্টনেস বলেন, ‘ইন্টারনেটে হাজারো অ্যাপ থাকলেও বাংলাদেশি গ্রাহকদের জন্য উপযোগী অ্যাপ কম। বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য এল কমোয়ো।’
গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার ডিজিটাল অ্যান্ড ডিভাইস মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, ‘গ্রামীণফোন গ্রাহকেরা বিনা মূল্যে এ সেবা ব্যবহার করতে পারবেন। সবার জন্য ইন্টারনেট নিশ্চিতকরণ প্রতিশ্রুতি পূরণে আমরা যৌথভাবে কমোয়োর সঙ্গে কাজ করছি।’