কম্পিউটার অকেজো করার ক্ষেপণাস্ত্র!
উড়োজাহাজ-নির্মাতা বোয়িংয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এমন একধরনের ‘মিসাইল’ বা ‘ক্ষেপণাস্ত্র’ তৈরি করেছেন, যা সমগ্র এলাকার কম্পিউটার নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম। সবচেয়ে বড় কথা, মিসাইলটি কোনো জীবনের ক্ষতি করবে না, এর কাজ হবে কম্পিউটারের সব তথ্য নষ্ট করে দেওয়া।এটি তৈরি করতে খরচ হয়েছে দুই কোটি ৪০ লাখ পাউন্ড।যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করেছেন। সেখানে কাউন্টার-ইলেকট্রনিকস হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ অ্যাডভান্সড মিসাইল প্রজেক্ট (চ্যাম্প) নিয়ে গবেষণা করা হয় এবং রকেটটি আগে প্রোগ্রাম করা (প্রি-প্রোগ্রামড) ফ্লাইট বরাবর নিক্ষেপ করা হয়। প্রথম গবেষণায় দেখা গেছে, রকেটটির মাইক্রোওয়েভের কারণে এর নিকটবর্তী সামরিক এলাকার ভেতরে থাকা কম্পিউটারগুলো স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যায়; এমনকি ক্যামেরায় রেকর্ডিংয়ের কাজও বন্ধ হয়ে যায়।চ্যাম্পের কর্মসূচি ব্যবস্থাপক কিথ কোলম্যান বলেন, ‘এই প্রযুক্তি আধুনিক যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। নিকট ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহারে সেনাবাহিনী বা বিমানবাহিনী পৌঁছানোর আগেই শত্রুপক্ষের ইলেকট্রনিক বা কম্পিউটারের ডেটা সিস্টেম নিষ্ক্রিয় করে দেবে। তবে বোয়িংয়ের বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে এ গবেষণা সম্পর্কে তথ্য প্রকাশ করলেও মিসাইল প্রযুক্তির ব্যাপারটি গোপন রাখা হয়েছে। —বিজনেস ইনসাইডার অবলম্বনে প্রদীপ সাহা