‘২০০৮ সালের মাঝামাঝি সময়ে কম্পিউটার একবার চালু করে দেখানো হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত বন্ধ রয়েছে কম্পিউটার তিনটি। শিক্ষকের অভাবে এ পর্যন্ত কম্পিউটার শেখা হয়নি আমাদের।’ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. করিম আক্ষেপ করে বলেছে এসব কথা। একই কথা বললেছে শিলক হামিদ শরীফ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা আকতার। তার বাড়ি পদুয়া ইউনিয়নের নারিশ্চা গ্রামে। সাবরিনা বলেছে, ‘কম্পিউটার শেখার আশায় বাড়ি থেকে দূরের এই বিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু এক দিনের জন্যও বিদ্যালয়ে কম্পিউটার শেখানো হয়নি। কারণ, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নেই।’রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়নে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২২টি বিদ্যালয়ে কম্পিউটার রয়েছে। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে কম্পিউটার থাকলেও শিক্ষকের অভাবে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে শিক্ষার্থীরা। তবে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় ও রাজানগর আরএবিএম উচ্চবিদ্যালয়ে করিগরি শিক্ষা বোর্ডের আওতায় দুটি কম্পিউটার ল্যাব রয়েছে। কম্পিউটার শিক্ষকও রয়েছেন বিদ্যালয় দুটিতে। ফলে ল্যাব দুটিতে নিয়মিত কম্পিউটার শিক্ষা পাচ্ছে শিক্ষার্থীরা।রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, কম্পিউটার শিক্ষা চালুর জন্য রাঙ্গুনিয়ার প্রায় ২২টি বিদ্যালয়ে কম্পিউটার দেয় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কিন্তু ২০টি বিদ্যালয়েই কম্পিউটার শিক্ষক নেই।রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল ইসলাম জানান, বিদ্যালয়ে সাধারণ বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা চালুর ক্ষেত্রে বোর্ডের প্রধান শর্ত কম্পিউটার শিক্ষক, বিদ্যুৎ সংযোগ ও অবকাঠামোগত সুবিধা থাকতে হবে; যা তদন্ত করে দেখে তবেই বোর্ড থেকে কম্পিউটার সরবরাহ করা হয়। অথচ অনেক বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ছাড়াই কম্পিউটার পেয়ে গেছে। স্থানীয় ব্যক্তির অনুদানেও অনেক বিদ্যালয় কম্পিউটার পেয়েছে। কোনো কোনো বিদ্যালয় স্থানীয় সাংসদের সুপারিশে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকেও কম্পিউটার পেয়েছে। কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, অনেক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নিয়োগের অনুমতি থাকলেও নিয়োগের জন্য শিক্ষক পাওয়া যায় না। রাঙ্গুনিয়ার উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার লক্ষ্যে সরকার দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালুর ওপর গুরুত্ব দিয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে যায়। কিন্তু কম্পিউটার শিক্ষকের অভাব থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষক নিয়োগ প্রধান শর্ত হওয়ায় বোর্ড কম্পিউটার শিক্ষা চালুর অনুমোদনও দিচ্ছে না। রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়ার সব কটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করা দরকার। এ ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। —মো. ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি