কম্পিউটার নির্মাতাদের শীর্ষ পাঁচে অ্যাপল

বিশ্বে প্রথমবারের মতো কম্পিউটার নির্মাতাদের শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের তালিকায় উঠে এল অ্যাপল। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।|
আইডিসির তথ্য অনুযায়ী, কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে উঠে আসতে আসুসের মতো প্রতিষ্ঠানকে পেছনে ফেলেছে অ্যাপল। ফোর্বস অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইডিসি জানিয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী কম্পিউটার বাজারের ৬ দশমিক ৩ শতাংশ দখল করেছে অ্যাপল। এ বছরের তৃতীয় প্রান্তিকে ৪৯ লাখ ইউনিট পিসি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে ৪০ লাখ ইউনিট বেশি। গত বছরে তৃতীয় প্রান্তিকে অ্যাপলের দখলে ছিল পিসি বাজারের ৫ দশমিক ৭ শতাংশ।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, ধারাবাহিক প্রবৃদ্ধি, সাম্প্রতিক সময়ে পণ্যের দাম কমানো, বাজারে চাহিদা বৃদ্ধির কারণেই অ্যাপল কম্পিউটার বাজারে জনপ্রিয় হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের কম্পিউটার বাজার বিবেচনা করতে অ্যাপল শীর্ষ তিনে রয়েছে।
অবশ্য বাজার গবেষকেরা বলছেন, এ বছরের তৃতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় কম্পিউটার বিক্রি ১ দশমিক ৭ শতাংশ কমে গেছে।
বর্তমানে কম্পিউটার বাজারে ২০ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষ কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে স্থান দখলে রেখেছে লেনোভো। জাপান বাদে এশিয়া অঞ্চলে লেনোভো পিসির বাজার দ্রুত বাড়ছে। বাজারে ১৮ দশমিক ৮ শতাংশ শেয়ার নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে এইচপি। ১৩ দশমিক ৩ শতাংশ বাজার দখলে রেখে তৃতীয় অবস্থানে রয়েছে ডেল। ৮ দশমিক ৪ শতাংশ বাজার দখলে রেখে চতুর্থ স্থানে রয়েছে এসার।