কম্পিউটার ভিশন সিনড্রোম এড়াতে ২০-২০-২০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকান। অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের কারণে সৃষ্ট ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’ নামের রোগটি প্রতিরোধের উপায় হিসেবে সম্প্রতি এই সূত্রই দিয়েছেন নিউইয়র্কের চক্ষু বিশেষজ্ঞ জাস্টিন বাজান। তাঁর বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অতিরিক্ত সময় ধরে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট বা আইপ্যাডের ব্যবহারে ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’ তৈরি হতে পারে। ‘কম্পিউটার ভিশন সিনড্রোমের উপসর্গ বিষয়ে আমেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, সহজে বোঝা না গেলেও অনেকের মধ্যেই এই সমস্যা রয়েছে। চোখে ব্যথা, মাথাব্যথা, চোখে কম দেখা বা চোখ শুকিয়ে যাওয়া হচ্ছে এই রোগের লক্ষণ। ওয়েক ফরেস্ট ফ্যামিলি আই-কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দুই ঘণ্টা বা এর অধিক সময় ধরে কম্পিউটার ব্যবহার করলে ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’ হতে পারে।কম্পিউটার, ট্যাবলেট ও স্মার্টফোনের স্ক্রিন খুব কাছ থেকে দেখা হয়, যার জন্য চোখে যন্ত্রণা হতে পারে বলে জানিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ড. বাজান। ড. বাজান বলেন, স্ক্রিনে পিক্সেলযুক্ত ছবি দেখানোর ফলে চোখের ফোকাসের সঙ্গে সংশ্লিষ্ট মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে। স্ক্রিন যত ছোট হয়, ততই চোখের কাছে সেটা ধরে মানুষ। এর ফলে মানুষের চোখের পলক পড়ার হার স্বাভাবিকের চেয়ে কমে যায়। প্রতিরোধের উপায় হিসেবে ‘২০-২০-২০’ নিয়মটা মেনে চলার পরামর্শ দিয়েছেন ড. বাজান। ড. বাজান বলেন, ‘২০-২০-২০’ নিয়ম মেনে চলা চোখের জন্য স্বস্তিদায়ক হবে।