কম্পিউটার মেলা শেষ হচ্ছে কাল
জমে উঠেছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১ মেলা। গতকাল বুধবার মেলার তৃতীয় দিনে বিপুল দর্শকের সমাগম ঘটেছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত পাঁচ দিনের এ মেলা শেষ হবে আগামীকাল। কম্পিউটার মেলায় দর্শকদের ল্যাপটপের পাশাপাশি ডিজিটাল ক্যামেরার দিকেও আগ্রহ দেখা যাচ্ছে। মেলা উপলক্ষে বিভিন্ন ক্যামেরায় আছে ছাড় বা পুরস্কার। জেএএন অ্যাসোসিয়েটের স্টলে রয়েছে ক্যাননের বিভিন্ন ধরনের ক্যামেরা। এখানে পাওয়ার শট, ডি এসএলআর ক্যামেরা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়ে। আর প্রতিটি ক্যামেরা কিনলে সঙ্গে চার গিগাবাইট মেমোরি কার্ড বিনা মূল্যে দেওয়া হচ্ছে। মেলায় এসেছে স্যামসাংয়ের ডব্লিউ২০০ ও ডব্লিউপি ১০ মডেলের পানিরোধক ক্যামেরা। এতে পানি পড়লে অক্ষত থাকে ও নষ্ট হয় না। এ ছাড়া একই ব্র্যান্ডের পিএল ১২০ ও পিএল ১৭০ মডেলের ডুয়েল ডিসপ্লে ক্যামেরার দিকে দর্শকের আগ্রহ লক্ষ করা গেছে। ফ্লোরা লিমিটেডের স্টলে পাওয়া যাচ্ছে নাইকন ও অলিম্পাসের ডিএসএলআর ও সাধারণ ডিজিটাল ক্যামেরা। মডেল ভেদে এখানে বিভিন্ন ক্যামেরায় দুই থেকে আট হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। রিশিত কম্পিউটারের স্টলে পাওয়া যাচ্ছে সনির ক্যামেরা। ক্যামেরা কেনার সময় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী রেজওয়ানুল হক জানালেন, ‘কিছুদিনের মধ্যে সেন্টমার্টিনে বেড়াতে যাব। তাই ক্যামেরা কিনে নিলাম মেলা থেকে।’ গতকাল মেলায় বাংলাদেশ কম্পিউটার সমিতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মাল্টিমিডিয়া প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার বাংলাদেশে মাল্টিমিডিয়া বিকাশের ইতিহাস তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঐদিপ আইটির প্রধান নির্বাহী কাবেরী মোস্তফা। আজ বিকাল তিনটায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওয়াইম্যাক্স ইন্টারনেট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। — নিজস্ব প্রতিবেদক