কম্পিউটার মেলায় ছাড় আর উপহার
ছাড় আর বিশেষ উপহারে জমে উঠেছে ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১০’ কম্পিউটার মেলা। শুধু ছাড় আর বিশেষ অফার নয়, মেলার প্রধান আকর্ষণ প্রযুক্তির বাজারে সর্বশেষ বিভিন্ন পণ্যের প্রদর্শনী। মেলায় নতুন কী পণ্য এসেছে, নতুন আসা কোন পণ্যে কী সুবিধা বা কতটা উন্নত প্রযুক্তিসম্পন্ন, সে ব্যাপারেই আগ্রহ বেশি ক্রেতা-দর্শকদের। মেলার প্রায় সব প্রতিষ্ঠানে তাদের পণ্য ক্রয়ে ছাড় ও বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। দ্রুতগতির ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির মেলায় বিশেষ অফারে দুই হাজার টাকায় কিউবির মডেম পাওয়া যাচ্ছে। পাশাপাশি তারা ৪০০ টাকায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে।মেলায় ল্যাপটপ কম্পিউটার ও এলইডি মনিটরের প্রতি ক্রেতাদের আগ্রহ লক্ষ করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘ব্যবহারে সুবিধা বলে ল্যাপটপ কিনতে এসেছি। বহনে সুবিধা, বিশেষ করে ক্লাসে ও সব জায়গায় নিয়ে যাওয়া যায় বলে ল্যাপটপই আমার পছন্দ। ক্রেতা ও দর্শনার্থীদের সব চেয়ে বেশি আগ্রহ ল্যাপটপ কম্পিউটার ও নতুন প্রযুক্তির এলইডি মনিটরের প্রতি। কম দামের ল্যাপটপের পাশাপাশি উচ্চ প্রযুক্তির বেশি দামের ল্যাপটপের প্রতিও ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে। মাস্টার কম্পিউটারের স্বাত্বাধীকারী কবির হোসাইন বলেন, মেলায় নতুন প্রযুক্তির ল্যাপটপের চাহিদা সব চেয়ে বেশি। মেলায় আসুস, এইচপি, এসার, ডেল, তোশিবা, ফুজিৎসু, ম্যাক, হায়ার প্রভৃতি ব্র্যান্ডের ল্যাপটপে মডেলভেদে রয়েছে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি আকর্ষণীয় উপহার। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে। ১৬ ইঞ্চি থেকে শুরু করে ২১.৫ ইঞ্চি স্ক্রিন পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের নতুন প্রযুক্তির এলইডি মনিটর সহজলভ্য দামে পাওয়া যাচ্ছে মেলায়। তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকাজুড়ে অংশগ্রহণকারী চার শতাধিক প্রতিষ্ঠানে এসব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আজ সোমবার সকালে মেলায় ‘ডিজিটাল বাংলাদেশ এবং মোবাইল ব্যাংকিং-এর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকছে। প্রবেশ টিকিট ১০ টাকা। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুবিধা রয়েছে। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। —তারিকুর রহমান খান