কম্পিউটার-মোবাইল ব্যবধান ঘুচছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে ডেস্কটপ কম্পিউটার আর মোবাইল ফোনের মধ্যে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যই ছিল বেশি। গঠনে আর প্রযুক্তিতেও এ দুয়ের ছিল বিস্তর ব্যবধান। কিন্তু ক্রমেই ঘুচে যাচ্ছে সে ব্যবধান। গঠনের দিক থেকে না হলেও ডেস্কটপের অপারেটিং সিস্টেম ও মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যকার পার্থক্য ক্রমেই কমছে। এ দুই ধরনের ডিভাইস ভবিষ্যতে এক অপারেটিং সিস্টেমেই চলবে।অ্যাপল ১৬ ফেব্রুয়ারি ‘মাউনটেন লায়ন’ নামে নতুন একটি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে। ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন এ সংস্করণটি প্রসঙ্গে এক খবরে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, মাউনটেন লায়নে আইফোন এবং আইপ্যাডের অনেক ফিচার ও অ্যাপ্লিকেশন যোগ করছে অ্যাপল। মাউনটেন লায়ন অপারেটিং সিস্টেমে আইপ্যাড ও আইফোনের ফিচার এবং অ্যাপ্লিকেশন যোগ করার তথ্য জানিয়েছেন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার।ডেস্কটপ অপারেটিং সিস্টেম কেন মোবাইল অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, ‘সিম্পলিসিটি’ অর্থাত্ সহজবোধ্যতার কথা। ডেস্কটপ কম্পিউটার ব্যবহার যেন আরও ব্যবহারবান্ধব করা যায় সে উদ্দেশ্যেই কম্পিউটার-মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের ব্যবধান ঘুচিয়ে ফেলছে অ্যাপল, মাইক্রোসফট ও গুগল।প্রায় কয়েক দশকের প্রযুক্তিগত ও গ্রাফিকসের উন্নয়নের পরও অধিকাংশ মানুষের কাছে কম্পিউটার চালানোর বিষয়টি এখনো জটিলই রয়ে গেছে। সফটওয়্যার ও কম্পিউটার চালানো-সংক্রান্ত জটিলতার কারণে প্রযুক্তির সীমিত জ্ঞান নিয়ে কম্পিউটারে কাজ করা এখনো ততটা সহজ হয়নি। অধিকাংশ মানুষই ব্যবহারবান্ধব কম্পিউটার আশা করে। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, বেশি সরল পদ্ধতিতে নতুনত্ব বলে কিছু থাকে না। এ ছাড়া নিরাপত্তার বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কম্পিউটার অপারেটিং সিস্টেমের চেয়ে মোবাইল অপারেটিং সিস্টেম বেশি নিরাপদ। এ ক্ষেত্রে সব ডিভাইসকে এক অপারেটিং সিস্টেমের আওতায় আনা হলে পুরো পদ্ধতিটিই আরও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।এদিকে অ্যাপলের কর্মকর্তা ফিল শিলার এ প্রসঙ্গে বলেছেন, ম্যাক অপারেটিং সিস্টেমচালিত অ্যাপলের ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপে মাউনটেন লায়ন ব্যবহার করা যাবে। নতুন অপারেটিং সিস্টেমে নোটিফিকেশন সেন্টার, গেম সেন্টার ও ‘এয়ারপ্লে মিরর’ ব্যবস্থা যুক্ত হচ্ছে। এ ছাড়া মাউনটেন লায়নে যুক্ত হচ্ছে ‘গেটকিপার’ নামে নতুন আরেকটি ফিচার। গেটকিপার ফিচারটির সাহায্যে ম্যাকের অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাপলের ক্লাউড সার্ভিস আইক্লাউডও নতুন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। এ ছাড়া থাকছে ‘ম্যাক অ্যাপ স্টোর’। ম্যাক স্টোর থেকে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা ছাড়াও মাউনটেন লায়নে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চালানোর ব্যবস্থাও থাকছে। মাউনটেন লায়নেও যোগ হচ্ছে নোটিফিকেশন সেন্টার। মোবাইলে যেভাবে নোটিফিকেশন যুক্ত হয়, ঠিক সেভাবেই কম্পিউটারে যুক্ত হবে নোটিফিকেশন। আরও ফিচার হিসেবে থাকছে গেম সেন্টার; যার মাধ্যমে ডেস্কটপ থেকেও আইফোন বা আইপ্যাড ব্যবহারকারী বন্ধুদের প্রতিপক্ষ হিসেবে গেম খেলা যাবে। নতুন অ্যাপ্লিকেশন হিসেবে আরও যুক্ত হচ্ছে রিমাইন্ডারস, নোটস। এমনকি কনট্যাক্টস অ্যাপ্লিকেশনটিও ডেস্কটপে যাচ্ছে। ফলে ক্লাউড সার্ভিসের সুবিধা নিয়ে ফোন থেকেই সরাসরি সব তথ্য হালনাগাদ রাখা যাবে।শুধু অ্যাপল নয়, ডেস্কটপ ও মোবাইল ডিভাইসে একই অপারেটিং সিস্টেমের যাওয়ার এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাইক্রোসফট কিংবা গুগলও। মাইক্রোসফট এরই মধ্যে জানিয়ে দিয়েছে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোনেও ব্যবহার করা যাবে। এর অর্থ হচ্ছে ডেস্কটপ ও মোবাইল ডিভাইস একে অপরের অনুকরণ করা শুরু করছে। পিছিয়ে নেই গুগলও। গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ ট্যাবলেট কম্পিউটার ও মোবাইল ফোনে ব্যবহূত হচ্ছে। পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেমটি ট্যাবলেট, কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোনেও যোগ করতে পারে গুগল। বিশেষজ্ঞরা তাই বলছেন, কম্পিউটার-মোবাইল ফোনের ব্যবধান ঘুচে যাচ্ছে।