কম্পিউটার ল্যাবে সৌরবিদ্যুৎ সরবরাহের দাবি
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জামালপুর ও শেরপুর জেলার ২৬টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করবে। বিদ্যুতের সমস্যার কথা বিবেচনায় রেখে শিক্ষকেরা এসব ল্যাবে শুরু থেকেই সোলার বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। ঢাকা বিভাগীয় উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির অবহিতকরণ সভায় দুই জেলার কম্পিউটার শিক্ষকেরা এ দাবি জানান। জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার দিনব্যাপী এ সভায় শিক্ষকেরা এসব দাবি জানান। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, কর্মসূচির পরিচালক প্রকৌশলী ফখরুদ্দিন আল হেলালসহ অনেকে। সভায় জামালপুরের ১৬টি এবং শেরপুর জেলার ১০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ নেন। তাঁরা বলেন, স্কুল চলাকালে বিদ্যুৎ না পাওয়া গেলে ল্যাব করে তেমন লাভ হবে না। তাই প্রতিটি বিদ্যালয়ে সোলার বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে। উপপরিচালক সরকার আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পরীক্ষামূলকভাবে সোলারচালিত কম্পিউটার ল্যাব চলতি মাসেই স্থাপন করা হবে। এই তিনটিতে সফলতা পাওয়া গেলে পর্যায়ক্রমে সব ল্যাবে সোলার সরবরাহ করা হবে। তিনি আরও জানান, দুই জেলার ২৬টি প্রতিষ্ঠানকে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রত্যেক ল্যাবে পাঁচটি করে কম্পিউটার, একটি করে লেজার প্রিন্টার, পাঁচটি ইউপিএস, দুটি ইউএসবি মডেম, পাঁচটি টেবিল ও পাঁচটি করে চেয়ার দেওয়া হবে। ল্যাব কক্ষ সংস্কার ও আনুষঙ্গিক কাজের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। —মোস্তফা মনজু, জামালপুর প্রতিনিধি