প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ কম্পিউটার শিক্ষা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ম্যানুয়াল ডাটা প্রসেসিং এবং কম্পিউটার দিয়ে ডাটা প্রসেসিংয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: ম্যানুয়াল ডাটা প্রসেসিং: কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোনো ধরনের অত্যাধুনিক গণকযন্ত্র ছাড়া শুধু হাতে-কলমে উপাত্ত প্রক্রিয়াকরণকে ম্যানুয়াল ডাটা প্রসেসিং বলে। সাধারণত মানুষ হাতে-কলমে লগটেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত-প্রক্রিয়া করে থাকে।
কম্পিউটার দিয়ে ডাটা প্রসেসিং: প্রয়োজনীয় ডাটা কম্পিউটারে ইনপুট করে প্রসেস প্রক্রিয়াকরণ করা হলে তাকে কম্পিউটার-ভিত্তিক ডাটা প্রসেসিং বলে। কম্পিউটারের সহায়তায় ডাটা প্রসেসিং অনেক দ্রুততর এবং সময়সাশ্রয়ী। কম্পিউটারের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ তুলনামূলক নির্ভুল হয়ে থাকে।
ম্যানুয়াল ডাটা প্রসেসিং ও কম্পিউটার দিয়ে ডাটা প্রসেসিংয়ের মধ্যে তুলনা: ম্যানুয়াল ডাটা প্রসেসিং ধীরগতি ও পরিশ্রম সাপেক্ষে কাজ করে। অন্যদিকে, কম্পিউটার দিয়ে ডাটা প্রসেসিং অনেক দ্রুত ও নির্ভুল। নিচে কম্পিউটার-ভিত্তিক ডাটা প্রসেসিং ও ম্যানুয়াল ডাটা প্রসেসিংয়ের তুলনামূলক আলোচনা করা হলো—
কাজের গতি: উপাত্ত সংগ্রহ ও ইনপুট প্রদানের কাজ মানুষের করতে হয়। কিন্তু ইনপুট পাওয়ার তথ্য হাতে-কলমে প্রক্রিয়া করলে কাজ অনেক ধীরগতিসম্পন্ন হয়। একই কাজ যদি কম্পিউটারে সম্পাদন করা হয়, সে ক্ষেত্রে কাজের গতি দ্রুততর হয়।
প্রক্রিয়াকরণ কাল: মানুষ কাগজে-কলমে প্রক্রিয়া করলে প্রক্রিয়াকরণ কাজে অনেক সময় লাগে। একই কাজ কম্পিউটার দ্বারা সম্পন্ন করলে অনেক কম সময়ে প্রক্রিয়াকরণ সম্ভব।
সংরক্ষণ: কাগজে লিপিবদ্ধ উপাত্ত প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যেতে পারে। অপর পক্ষে কম্পিউটারে সংরক্ষিত তথ্য বছরের পর বছর একই রকম থাকে।
পুনর্ব্যবহার: কাগজে সংরক্ষিত তথ্য থেকে কাঙ্ক্ষিত কোনো উপাত্ত বের করা ক্লান্তিকর ও কষ্টসাধ্য কাজ। একই কাজে কম্পিউটারের সংরক্ষিত তথ্য থেকে অনেক সহজে উপাত্ত পাওয়া যায়।
নির্ভুলতা: মানুষের কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু কম্পিউটার নির্ভুলভাবে প্রক্রিয়াকরণ করতে পারে।
স্মৃতি ক্ষমতা: মানুষের স্মৃতি ক্ষমতা কম। অল্প সময় সে ভুলে যেতে পারে। অপর পক্ষে, কম্পিউটার বিনষ্ট না হওয়া পর্যন্ত তথ্য স্মৃতিতে সংরক্ষণ করতে পারে।
নিজস্ব বুদ্ধিমত্তা: উপাত্ত প্রক্রিয়াকরণে মানুষ নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে, কিন্তু কম্পিউটার সে অর্থে নিজস্ব বুদ্ধিমত্তা নেই। মানুষ যাচাইয়ের মাধ্যমে নিজের বুদ্ধি প্রয়োগ করে উপাত্ত ভুল সংশোধন করতে পারে, যা কম্পিউটার দ্বারা অসম্ভব।
কাজের স্থায়িত্ব: মানুষের অধিক সময় একটানা কাজ করার সামর্থ্য নেই। ফলে, অল্পক্ষণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু একটানা অক্লান্তভাবে দীর্ঘ সময় কাজ করতে সক্ষম।
কাজের সূক্ষ্মতা: মানুষ অনেক সময় সূক্ষ্মতার সঙ্গে উপাত্ত প্রক্রিয়াকরণ করতে পারে না বিশেষত উপাত্ত অনেক বেশি হলে। অন্যদিকে, কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে প্রক্রিয়াকরণের কাজ সহজে করা সম্ভব।
এস এম হাবিব উল্লাহ, প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ