ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২২০ জন শিক্ষার্থী কম্পিউটার ল্যাব থাকা সত্ত্বেও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। সিএসইর বিভাগীয় প্রধান এ এইচ এম কামাল জানান, বিটিসিএল ইন্টারনেট সংযোগের জন্য ইতিমধ্যে ক্যাম্পাসে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ স্থাপন করেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইডথ প্রদানের আবেদন করে। এর জন্য বিটিসিএলের নির্ধারিত ফি ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়। এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, ইন্টারনেটের সমস্যার কারণে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।তিন হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ নেই। শুধু সিএসই বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র আটটি মোবাইল সংযোগনির্ভর মডেম রয়েছে। ধীরগতির এসব মডেম দিয়ে প্রয়োজনীয় কাজ করা যাচ্ছে না বলে শিক্ষার্থীরা জানান। এই বিভাগের জন্য ৭০টি কম্পিউটারে সমৃদ্ধ দুটি ল্যাব রয়েছে। এ ছাড়া ২৮টি ল্যাপটপ কম্পিউটার আনা হয়েছে। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, ‘কম্পিউটার ল্যাব থাকার পরও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না।’ একই বিভাগের সাইদুর রহমান বলেন, ‘গবেষণার প্রয়োজনে আমরা ইন্টারনেট ব্যবহার করি। এতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও লেকচার সম্পর্কে জানতে পারি। কিন্তু আমাদের ক্যাম্পাসে ইন্টারনেট না থাকায় অনেক সমস্যা হচ্ছে। আমাদের দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন।’এ ব্যাপারে ত্রিশাল টেলিফোন অফিসের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, সংযোগ দেওয়ার কাজ শেষ পর্যায়ে আছে, যেকোনো সময়ে সংযোগ দেওয়া হবে। এটি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। —আলমগীর কবীর, ত্রিশাল (ময়মনসিংহ)