উচ্চমাধ্যমিক কম্পিউটার শিক্ষা, প্রথম পত্র \ লেখক: মাহবুবুর রহমান \ প্রকাশক: সিসটেক পাবলিকেশন লিমিটেড, ঢাকা \ পৃষ্ঠা: ৪৯৫ \ মূল্য: ১৯০ টাকা (সিডিসহ) \বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড উচ্চমাধ্যমিক স্তরে ২০১১ সাল থেকে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করেছে। সেই পাঠ্যক্রম অনুযায়ী উচ্চমাধ্যমিক কম্পিউটার শিক্ষা, প্রথম পত্র নামের বইটি লিখেছেন মাহবুবুর রহমান। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। মোট নয়টি অধ্যায়ে এ বইটিকে ভাগ করা হয়েছে। কম্পিউটারের প্রাথমিক ধারণা দিয়ে শুরু করা এ বইয়ে কম্পিউটার, এর ইতিহাসের সঙ্গে সঙ্গে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট, ই-কমার্স, ওয়েব সার্চ ইঞ্জিন ও মোবাইল ফোনের নানা দিক তুলে ধরা হয়েছে। এখানে অপারেটিং সিস্টেমের নানা দিক বর্ণিত হয়েছে, যেখানে ডেটা নিয়ন্ত্রণ, মাল্টিপ্রসেসিং সিস্টেম ইত্যাদির বর্ণনা পাওয়া যাবে। কম্পিউটার শেখার ক্ষেত্রে ডিজিটাল লজিকের বিভিন্ন দিক, সংখ্যাপদ্ধতি, বাইনারি, দশমিক, বুলিয়ান গণিতের বিভিন্ন দিক ও কাউন্টারের ব্যবহার আলোচনা করা হয়েছে। কম্পিউটার শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এ বইয়ে মনিটর, হার্ডডিস্ক, ইনপুট-আউটপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, হেডফোন, সেন্সর, প্রিন্টারসহ হার্ডওয়্যারের বিভিন্ন দিক বর্ণিত হয়েছে।এ ছাড়া এ বইতে অফিস অটোমেশনের নানা দিকসহ ওয়ার্ড প্রসেসিংয়ের বিভিন্ন দিক, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করা আছে। এসব তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটারের রক্ষণাবেক্ষণের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে বইটিতে। বইয়ের সঙ্গে দেওয়া সিডিতে আছে বিভিন্ন ব্যবহারিক জ্ঞান। শিক্ষার পাশাপাশি যাঁরা কম্পিউটারের বিভিন্ন প্রাথমিক বিষয় জানতে চান, তাঁদের জন্য সহায়ক হবে এ বইটি। —মোছাব্বের হোসেন