কম্পিউটার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বাংলাদেশ কম্পিউটার সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ১ হাজার ৪৩২ ভোটার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির সদস্য নির্বাচন করবেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনের সামনে উৎসবমুখর পরিবেশ। সবার গলায় পছন্দের প্রার্থীর ব্যাজ ঝোলানো। ভোটারদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। এমন উৎসবমুখর পরিবেশে চলছে দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ। সাত সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আটটি শাখা কমিটির নির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। বিসিএসের প্রতিটি শাখা কমিটিতে পদ রয়েছে সাতটি। নির্বাচনে বরিশাল শাখায় ১৪, কুমিল্লায় ৭, চট্টগ্রামে ৯, যশোরে ১৬, খুলনায় ১৪, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৭ ও সিলেটে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ১০টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোটারসংখ্যা ১ হাজার ৪৩২।

কার্যনির্বাহী কমিটির সাতটি পদে ‘সমমনা’ ও ‘মেম্বারস ভয়েস’ নামের দুটি প্যানেলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন যথাক্রমে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুব্রত সরকার।

নির্বাচন কেমন হচ্ছে, এ বিষয় জানতে চাইলে সমমনা প্যানেলের দলনেতা মোহাম্মদ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খুবই আনন্দ-উদ্দীপনার মধ্যে ভোট গ্রহণ চলছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করি, ভোটাররা ভালোবেসে আমাদের ভোট দিয়ে তাঁদের সেবা করার সুযোগ দেবেন।’

কেন্দ্রের বাইরে ‘সমমনা’ ও ‘মেম্বারস ভয়েস’ প্যানেলের দুই দলনেতা
ছবি: প্রথম আলো

মেম্বারস ভয়েস প্যানেলের দলনেতা সুব্রত সরকার বলেন, ‘আমি সব সময় বিসিএসের মেম্বারদের পাশে ছিলাম। সুখে-দুঃখে আমাকে তাঁরা কাছে পেয়েছেন। আশা করি, নির্বাচনে জয়ী হয়ে আবারও ভোটারদের সেবা করা সুযোগ পাব। নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।’

নির্বাচনী বোর্ডের সদস্য ওরা-টেক কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ নির্বাচনের পরিবেশ সম্পর্কে বলেন, ‘খুবই ভালো ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুই ঘণ্টা ভোট প্রদানের হার খুবই ভালো। আশা করি, বিকেল পাঁচটার মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে। সময় শেষ হওয়ার পরও যদি কেউ ভোটের লাইনে থাকেন, তাহলে তাঁদের ভোটও নেওয়া হবে। আশা করি, সন্ধ্যা সাতটার মধ্যেই ফলাফল ঘোষণা এবং নির্বাচিত প্রার্থীদের পদ বণ্টন করতে পারব।’

ভোটকেন্দ্রের সামনে কথা হয় ভোটার ও মাল্টিমিডিয়া কিংডমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঙ্গে। তিনি বলেন, নির্বাচনে যাঁরা জয়ী হবেন, তাঁরা যেন ব্যবসায়ীদের জন্য কাজ করার পাশাপাশি সংগঠনকে দেশ ও আন্তর্জাতিকভাবে তুলে ধরেন।

নির্বাচনে মেম্বারস ভয়েস প্যানেলের অন্য সদস্যরা হলেন গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, পিসি গার্ডেনের স্বত্বাধিকারী আহসানুল ইসলাম, সাউথবাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান রাশেদ আলী ভূঞা এবং টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সমমনা প্যানেলের অন্য সদস্যরা হলেন কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, কম্পিউটার পয়েন্টের স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, ওরিয়েন্ট কম্পিউটারসের স্বত্বাধিকারী জাবেদুর রহমান, পেরিননিয়েল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মোজহের ইমাম চৌধুরী, স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান মোশারফ হোসেন এবং ওয়েলকিন কম্পিউটারসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।

তিন সদস্যের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপ্রোকো কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। সদস্য হিসেবে রয়েছেন দ্য কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও ওরা-টেক কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।