কম্পিউটার সিটিতে বিনা মূল্যে ল্যাপটপ-কম্পিউটার সার্ভিসিং
রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘ফ্রি সার্ভিস ফেস্ট’। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ উৎসবে যেকোনো প্রতিষ্ঠান থেকে কেনা এসার, আসুস, অ্যাভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো ও এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিনা মূল্যে মেরামত করা যাবে। ১৩ এপ্রিল পর্যন্ত এই সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে। কম্পিউটারের ওয়ারেন্টি মেয়াদ শেষ হলেও বিনা মূল্যে এই সুবিধা মিলবে।
গতকাল সোমবার বিসিএস কম্পিউটার সিটিতে এ উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী বলেন, ক্রেতারা সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিতে চান। এ জন্য শীর্ষস্থানীয় সব নির্মাতা প্রতিষ্ঠানকে নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, দ্রুত ও স্বচ্ছন্দে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মেরামতের সুযোগ দিতে বিসিএস কম্পিউটার সিটিতে বিভিন্ন ব্র্যান্ডের আলাদা স্টল চালু করা হয়েছে। ফলে আগ্রহীরা সহজেই নির্দিষ্ট ব্র্যান্ড প্রতিষ্ঠানের সেবা নিতে পারবেন। উৎসবে বিনা মূল্যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মেরামতের সুযোগ মিললেও যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হলে অর্থ দিতে হবে।
উৎসবের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিসিএস কম্পিউটার সিটিতে দেশে প্রযুক্তিপণ্য বাজারজাত করা ৯৫ শতাংশ প্রতিষ্ঠানেরই বিক্রয়কেন্দ্র রয়েছে। ক্রেতাদের সরাসরি ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে মানসম্মত সেবা পাওয়ার সুযোগ দিতেই এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানসহ অংশগ্রহণকারী ব্র্যান্ড প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।