কম্পিউটার সিটির মেলা আজ শেষ হচ্ছে
ঢাকার বিসিএস কম্পিউটার সিটির জমজমাট মেলা আজ শেষ হচ্ছে। সিটিআইটি ২০১০ নামের ১০ দিনের এ মেলার শেষ দিনে আজ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার জন্য আজীবন সম্মাননাও দেওয়া হবে।মেলার শেষ ভাগে বৃহস্পতি ও শুক্রবার ছিল দর্শকদের ভিড়। ছুটির দিনে মেলা ছিল দর্শকে পরিপূর্ণ। গতকাল সকালে মেলার কেন্দ্রীয় মঞ্চে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নানা আয়োজনের মধ্যেও প্রযুক্তিপণ্য দেখা ও কেনা যে মেলার মূল ব্যাপার, তার প্রমাণ প্রতিদিনই পাওয়া গেছে। কম্পিউটারের পাশাপাশি নানা রকমের পণ্যে দর্শকদের আগ্রহ দেখা গেছে। গতকাল মেলা ঘুরে দেখা যায়, নতুন প্রযুক্তির প্রজেক্টর, স্পিকার আর টিভি কার্ড এসেছে। কম্পিউটার সোর্স লিমিটেড এভার মিডিয়া টিভি কার্ডে দিচ্ছে বিশেষ ছাড়। রায়ানস কম্পিউটার ৩০ হাজার টাকায় দিচ্ছে থ্রিএম ব্র্যান্ডের পকেট প্রজেক্টর। স্মার্ট টেকনোলজিস মেলায় ডিলাক্স ব্র্যান্ডের নতুন স্পিকারে দিচ্ছে উপহার। এ ছাড়া উচ্চপ্রযুক্তির বিভিন্ন ব্র্যান্ডের টিভি কার্ডে রয়েছে নগদ মূল্যছাড়। রিশিত কম্পিউটার্স লিমিটেড হিটাচি, ভিউসনিক, ভিভিটেকসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রজেক্টরে দিচ্ছে বিশেষ ছাড়। রিশিত কম্পিউটার্সে ৬৫০ টাকায় ক্রিয়েটিভের দুটি স্পিকার এবং বিশেষ মূল্যে পাওয়া যাবে টিভি কার্ড। ফ্লোরা লিমিটেডে এপসনের প্রজেক্টর পাওয়া যাচ্ছে।আজ শেষ দিনেও মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। তবে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগবে না। —নুরুন্নবী হাছিব ও বাদল খান