কম্পিউটার সিটির মেলায় ক্রেতাদের ভিড়
ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে ঢুকতেই উন্মুক্ত মঞ্চ। মঞ্চের সামনে দর্শকদের ভিড়। চলছে লাইট-অনের কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই পাচ্ছেন শুভেচ্ছা উপহার। শুধু উন্মুক্ত মঞ্চেই নয়, গতকালরোববার কম্পিউটার সিটির বার্ষিক মেলার চতুর্থ দিনে প্রতিটি স্টলেই ছিল ক্রেতা-দর্শকদের জটলা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ সব বয়সের মানুষের পদচারণে জমে উঠেছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা। কম্পিউটার সিটির সাংস্কৃতিক সম্পাদক এ কে এম মাহমুদুল হাসান খান বললেন, এই মেলার অন্যতম আকর্ষণ নলেজ ম্যানেজমেন্ট জোন। তৃতীয় তলায় এই স্টলে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে জানা-অজানা নানা তথ্য ও চিত্র প্রদর্শন করা হচ্ছে। এখানে রয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের প্রযুক্তি’ প্রদর্শনী গ্যালারি। মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে আসা নবম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থী রবি শংকর এই গ্যালারি থেকে জানতে পেরেছে, বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় ১৯৬৪ সালে।মেলায় ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিক্রি আগের চেয়ে বেড়েছে। তবে অনেকেই খুচরো যন্ত্রও কিনে রাখছে। যেমন, কম্পিউটারে তথ্য সংগ্রহের জায়গা হার্ডডিস্ক ড্রাইভ। হার্ডডিস্কে এখন শুরু হয়েছে টেরাবাইটের যুগ।মেলায় ৩২০ গিগাবাইট থেকে দুই টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে। মূল্য পড়ছে দুই হাজার ৭০০ থেকে ১২ হাজার পর্যন্ত। ম্যাক্সটর, ওয়েস্টার্ন ডিজিটাল, স্যামসাং, গিগাবাইট, হিটাচি, ট্রান্সসেন্ড, আইবিএম ইত্যাদি ব্র্যান্ডের হার্ডডিস্ক আছে মেলায়। অনেকের প্রশ্ন, কম্পিউটারে এত জায়গা কী হবে? ‘আমার ডেস্কটপের হার্ডডিস্ক ৩২০ গিগাবাইট। কিন্তু আমার শখ মুভি সংগ্রহে রাখা। এই জন্য মেলায় এসেছি এক টেরাবাইটের হার্ডডিস্ক কিনতে।বলছিলেন ঢাকার বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী মুক্তি রাণী রায়। ‘হ্যাঁ, আমরা তরুণেরা আজকাল মুভি ও গেম সংরক্ষণ করতে চাই বলে গিগাবাইট ছাড়িয়ে বাজারে এখন টেরাবাইট হার্ডডিস্কের দখল।’ বললেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী সালাম। দুই টেরাবাইট হার্ডডিস্কের দাম ১২ হাজার টাকা (টান্সসেন্ড) এবং ওয়েস্টার্ন ডিজিটালের হলে নয় হাজার ১০০ টাকা। ‘আমি কিছুদিনের মধ্যেই চলে যাচ্ছি আমেরিকায়। কিন্তু আমার প্রিয় অনেক গেম ও স্মৃতি সেখানে নিয়ে যেতে চাই।’ মঞ্জুর মোর্শেদের এই ইচ্ছা পূরণের জন্য বাজারে আছে পোর্টেবল হার্ডডিস্ক। স্যামসাংয়ের এক টেরাবাইট পোর্টেবল হার্ডডিস্কের দাম পড়ছে সাত হাজার ৫০০ থেকে ১১ হাজার ৫০০ টাকা। দুই টেরাবাইট ট্রান্সসেন্ড পোর্টেবল হার্ডডিস্ক মিলছে ১২ হাজার ৩০০ টাকায়। তবে ১.৫ টেরাবাইট হলে নয় হাজার টাকা। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে গুণীজন সংবর্ধনা। গতকাল নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। আজ সংবর্ধনা দেওয়া হবে বিজরী বরকত উল্লাহ ও শিল্পী সুবীর নন্দীকে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। প্রবেশের টিকিটের ওপর থাকছে র্যাফল ড্র। গত শনিবারের টিকিটের ওপর র্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী ১০০ ওয়াটের সোলার সিস্টেম জিতেছেন ইশতিয়াক সালেহীন। দ্বিতীয় পুরস্কার সনি ডিভিডি প্লেয়ার জিতেছেন মাহফুজা ফেরদৌস এবং তৃতীয় পুরস্কার এইচপি প্রিন্টার জিতেছেন এম এ সিদ্দিক আকাশ। সিটি আইটি ২০১১ নামের এ মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। —জাহাঙ্গীর আলম