কম্পিউটারে বাংলা প্রচলন দিবস পালনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি, ১৯৮৫। প্রবাসী প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ নতুন কিছু সৃষ্টির উন্মাদনার বহিঃপ্রকাশ হিসেবে লন্ডনে মায়ের উদ্দেশে লিখে ফেলেন এক চিঠি। কিন্তু এ চিঠি হাতে লেখা নয়, কম্পিউটারে টাইপ করা। তা-ও আবার বাংলায়। কম্পিউটারে এই বাংলা প্রোগ্রামের নাম দিলেন শহীদলিপি। পরে বাংলাদেশেও সেটি ব্যবহার করা হয়। বর্তমানে শহীদলিপির ব্যবহার না থাকলেও শহীদলিপি দিয়েবাংলা লেখার দিন অর্থাৎ ২৫ জানুয়ারিকে ‘কম্পিউটারে বাংলা ভাষার প্রচলন দিবস’ হিসেবে উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।মূলত কয়েকটি বাংলা ব্লগ এ উদ্যোগ নিয়েছে। ব্লগসাইটগুলো থেকে জানা যায়, বাংলা ভাষায় ব্লগ লেখকেরা (ব্লগার) এই দিবস উদ্যাপনের উদ্যোক্তা। যেমন—সচলায়তন, ক্যাডেট কলেজ ব্লগসহ বিভিন্ন ব্লগ আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শহীদলিপির ইতিহাসকে ই-বুক আকারে প্রকাশ করছে ক্যাডেট কলেজ ব্লগ (www.cadetcollegeblog.com)। সচলায়তনে (www.sachalayatan.com) আজ বিশেষ শিরোনাম চিত্র (ব্যানার) শোভা পাবে। এদিকে সাইফুদ্দাহার (এস ডি) শহীদের লেখা শহীদলিপি যেভাবে শুরু শিরোনামে ওই প্রোগ্রাম তৈরির ইতিহাসমূলক একটি ধারাবাহিক লেখা মাসিক কমপিউটার বিচিত্রায় প্রকাশিত হচ্ছে।কয়েকজন ব্লগার জানান, তাঁদের উদ্দেশ্য কম্পিউটারে বাংলা ভাষাকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং সহজতর করে তোলা। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে বিশ্বের কাছে পরিচিত করে তোলা। এ কারণেই একটি দিবসকে কম্পিউটারে বাংলা প্রচলন দিবস হিসেবে বেছে নেওয়া।প্রসঙ্গত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল যুক্তরাষ্ট্রে পিএইচডি পড়ার সময় শহীদলিপির আগে ১৯৮৪ সালে তাঁর মায়ের কাছে বাংলায় চিঠি লেখার জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।সেটি দিয়ে বাংলায় চিঠি লিখে তা তাঁর মাকেও পাঠান। অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটারের জন্য এ প্রোগ্রাম তৈরির কাজ তিনি শুরু করেছিলেন ১৯৮২ সালে। জানা যায়, সেসময় এ প্রোগ্রাম ব্যবহার করে উত্তর আমেরিকায়কয়েকটি পত্রিকাও প্রকাশিত হতো।পরে তিনি আইবিএম ঘরানার কম্পিউটারের জন্যও একটি পূর্ণাঙ্গ বাংলা সফটওয়্যার (প্রিন্টসুবিধাসহ) তৈরি করেন।যা তিনি ১৯৯৪ সাল পর্যন্ত ব্যবহার করেন।—মোহাম্মদ আলী