কম্পিউটারের গতি বাড়াবেন যেভাবে

টাস্ক ম্যানেজারছবি : স্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ব্যবহারের কারণে কম্পিউটারের গতি ধীরে ধীরে কমে যায়। চাইলে যন্ত্রাংশ হালনাগাদের বদলে উইন্ডোজের সেটিংস পরিবর্তন করেও কম্পিউটারের গতি বাড়ানো যায়।

স্টার্টআপ প্রক্রিয়া নিয়ন্ত্রণ
কম্পিউটার চালুর সময় প্রয়োজনীয় প্রোগ্রামের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়। ব্যবহার করা না হলেও এসব প্রোগ্রাম চালু থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়। উইন্ডোজ ১০-এর টাস্ক ম্যানেজার থেকে সহজেই এগুলো বন্ধ করা সম্ভব। এ জন্য কি–বোর্ডে একসঙ্গে Ctrl, Shift এবং Esc চেপে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। এবার Startup ট্যাবে ক্লিক করলেই কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া প্রোগ্রামের তালিকা দেখা যাবে। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Disable নির্বাচন করলেই কম্পিউটার চালুর সময় সেগুলো নিজ থেকে চালু হবে না।

জায়গা খালি করুন

কম্পিউটারের গতি বাড়ানোর জন্য হার্ডডিস্ক থেকে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা উচিত। এ জন্য হার্ডডিস্কে সরাসরি তথ্য মুছে ফেলার পাশাপাশি Disk Cleanup কাজে লাগিয়ে অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলতে হবে। এ জন্য স্টার্ট মেনু থেকে Disk Cleanup লিখে সার্চ করুন। এবার ডিস্ক ক্লিনআপের ওপর ক্লিক করলেই কম্পিউটারের অস্থায়ী ফাইল, অফলাইন ওয়েব পেজ, ইনস্টলার ফাইলের মতো অপ্রয়োজনীয় ফাইল ও তথ্য মুছে যাবে।

সার্চ ইনডেক্সিং বন্ধ রাখুন

সার্চ ইনডেক্সিং সুবিধা কম ক্ষমতার কম্পিউটারকে ধীরগতির করে দেয়। আপনি যদি কাজের প্রয়োজনে নিয়মিত কম্পিউটারে ফাইল–ফোল্ডারের খোঁজ করেন, তাহলে সার্চ ইনডেক্সিং বেশ কার্যকর। যদি না করেন, তবে সার্চ ইনডেক্সিং সুবিধা বন্ধ করে রাখতে পারেন। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে লিখুন index। এবার Indexing Options–এ ক্লিক করে Modify বাটনে ক্লিক করুন। যে ফোল্ডারগুলোকে ইনডেক্সে রাখার দরকার নেই, সেগুলোর বামে টিকচিহ্ন তুলে দিয়ে OK চাপুন। এবার Advanced বাটনে ক্লিক করে File Types অপশন থেকে অপ্রয়োজনীয় ফাইল বাদ দিয়ে OK চাপুন।