কম্পিউটারের চেয়েও শক্তিশালী হবে মুঠোফোন
যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক যন্ত্রাংশ নির্মাতা কোয়ালকমের গবেষকেরা কম্পিউটারের চেয়েও শক্তিশালী মোবাইল প্রসেসর তৈরিতে কাজ করছেন। নতুন এ প্রসেসরে উন্নত গ্রাফিকস, ইউএইচডি বা আলট্রা হাই ডেফিনেশন ও ৫৫ মেগাপিক্সেলেরও বেশি রেজুলেশনের ক্যামেরা সমর্থন করবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডিজিটাল ট্রেন্ডস।কোয়ালকমের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অবনীশ আগরওয়াল জানিয়েছেন, ভবিষ্যতে উন্নত ও দ্রুতগতির সাশ্রয়ী মোবাইল প্রসেসর তৈরি করবে কোয়ালকম। স্মার্টফোনের জন্য তৈরি কোয়ালকমের এ প্রসেসর গতির দিক থেকে যেকোনো কম্পিউটারকে পেছনে ফেলবে।১৯ এপ্রিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে অনুষ্ঠিত ‘স্মার্টফোন রেভ্যুলুশন’ নামের একটি অনুষ্ঠানে অবনীশ আগরওয়াল কোয়ালকম সম্পর্কে এ তথ্য জানিয়েছেন। অবনীশ আরও জানিয়েছেন, কোয়ালকমের তৈরি দ্রুতগতির এ প্রসেসর কেবল দামি স্মার্টফোনের জন্যই নয়, ১০০ ডলারের চেয়ে কমদামি স্মার্টফোনেও ব্যবহূত হবে।