কম্পিউটারের নিরাপত্তা জোরদারে এশিয়ার দেশগুলোর সহযোগিতার আহ্বান
সাইবার জগতে কম্পিউটার ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়া পিকেআই কনসোর্টিয়ামের বৈঠক ও আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এই আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে, ডিজিটাল স্বাক্ষরের পাবলিক কি সংরক্ষণ ও প্রকাশের প্রচলিত পদ্ধতিকে পাবলিক কি অবকাঠামোগত উন্নয়ন বা পিকেআই হিসেবে বর্ণনা করা হয়। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভারতসহ এশিয়ার যেসব দেশে ডিজিটাল স্বাক্ষরের পদ্ধতি চালু রয়েছে, সেসব দেশের প্রতিনিধিরা এই কনসোর্টিয়ামের বৈঠকে যোগ দেন। ২০০৪ সাল থেকে এই কনসোর্টিয়াম এশিয়ার দেশগুলোয় ডিজিটাল স্বাক্ষর প্রসারের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব ইনামুল কবীর ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান কনসোর্টিয়ামের বৈঠকে যোগ দেন। বিসিসির সচিব জানান, দেশে ডিজিটাল স্বাক্ষর কর্তৃপক্ষের লাইসেন্স দেওয়ার কর্মকাণ্ড বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। দেশে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করার পর বাংলাদেশ এই কনসোর্টিয়ামের সদস্য হতে পারবে। বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক সিম্পোজিয়ামে এক দেশের ডিজিটাল স্বাক্ষর কীভাবে অন্য দেশেও সমান গুরুত্ব পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, বিভিন্ন দেশে বর্তমানে মোবাইল পিকেআই চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে উল্লেখ্য, আইসিটি আইন-২০০৬-এর সংশোধনের পর জুলাই ২০০৯ সালে দেশে ডিজিটাল স্বাক্ষর চালুর আইনি কাঠামো চালু হয়। এর পর সরকার বিসিসির নির্বাহী পরিচালককে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়। বর্তমানে ডিজিটাল স্বাক্ষরবিষয়ক সচেতনতা সৃষ্টি ও লাইসেন্স দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে। —নিজস্ব প্রতিবেদক