কম্পিউটেক্স তাইপের নতুন সব প্রযুক্তিপণ্য
তাইওয়ানের তাইপেতে চলতে থাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-তে প্রদর্শিত হচ্ছে নানা ধরনের নতুন প্রযুক্তিপণ্য। ৪ জুন তাইপেতে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৮ জুন পর্যন্ত। প্রদর্শনীতে পরবর্তী প্রজন্মের হাইব্রিড ট্যাবলেট, ল্যাপটপের পাশাপাশি আসুস, এসার, এমএসআই, এনভিডিয়া, গিগাবাইটসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের নতুন সব পণ্য প্রদর্শন করছে। এবারের কম্পিউটেক্স তাইপেতে অংশ নিচ্ছে প্রায় এক হাজার ৭০০ প্রতিষ্ঠান। এবারের প্রদর্শনীতে নানা ধরনের পণ্যের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ইন্টেলের চতুর্থ প্রজন্মের হ্যাশওয়েল কোর চিপ। এতে কম্পিউটিং ডিভাইসে ৫০ শতাংশ ব্যাটারি ক্ষমতা বাড়াবে। বহনযোগ্য কম্পিউটিং যন্ত্রের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে চিপটি। এসেছে ৭২ জিপিইউ কোর, ৪ সিপিইউ কোর এবং বিল্টইন ৪জি প্রযুক্তি-সুবিধার এনভিডিয়া টেগরা ফোর ট্যাবলেট। প্রদর্শিত হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৮.১। উইন্ডোজের এই সংস্করণে স্টার্ট বাটন আবারও ফিরে আসছে। জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম ফায়ারফক্সে নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন বাজারে আনতে ফক্সকন ও মজিলা যৌথভাবে কাজ করবে বলে নিশ্চিত করা হয়েছে প্রদর্শনীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। এ ছাড়া প্রদর্শিত হচ্ছে এএমডির আলট্রা লো পাওয়ারের ‘টোমাশ’ নামের নতুন চিপ, বিভিন্ন প্রতিষ্ঠানের হাইব্রিড ট্যাবলেট ইত্যাদি। প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) একটি প্রতিনিধিদলও অংশ নিয়েছে।—কম্পিউটেক্স তাইপে অবলম্বনে কাজী আলম