তাইওয়ানের তাইপেতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের মেলা ‘কম্পিউটেক্স তাইপে ২০১৭’। পাঁচ দিনের এই মেলার প্রথম দিনেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন পণ্য এনেছে। মেলায় আসা নতুন কয়েকটি পণ্যের বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনে—

ইন্টেল কোর-এক্স প্রসেসর
ইন্টেল পরবর্তী প্রজন্মের ‘ইন্টেল কোর-এক্স প্রসেসর’ নামের এক প্রসেসর এনেছে। তাদের এই চিপ নতুন কোর আই ৯ প্রযুক্তির। ডেস্কটপ কম্পিউটারে সমর্থন করবে এই প্রসেসর। মূলত উচ্চ মাত্রার রেজ্যুলেশন এবং সর্বশেষ সংস্করণের গেম খেলার জন্য এই প্রসেসর দারুণ কাজ করবে। এর দাম ১ হাজার ৯৯৯ ডলার।

আসুসের পাতলা ল্যাপটপ
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ‘জেনবুক ফ্লিপ এস’ মডেলের নতুন ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেয় আসুস। তাদের এই ল্যাপটপ বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বলে দাবি করা হয়েছে। এর পুরুত্ব ১০.৯ মি. মি.। ওজন ১.১ কেজি এবং ল্যাপটপটি কনভার্টিবল। এর পর্দা ফোর কে প্রযুক্তির। দাম রাখা হচ্ছে ১ হাজার ৯৯ ডলার।

ডেলের তিন কম্পিউটার
ইন্সপায়রন সিরিজের তিনটি ডেস্কটপ কম্পিউটার এনেছে ডেল। তিনটি ডেস্কটপেই ব্যবহার করা হয়েছে এএমডি প্রসেসর। সবগুলোই গেম খেলার উপযোগী। দাম শুরু হয়েছে ৬৯৯ ডলার থেকে।

গিগাবাইটের গেমিং ল্যাপটপ
কম্পিউটেক্সে আরুস সিরিজের এক্স ৯, এক্স ৫ এমডি এবং এক্স ৭ ডিটি মডেলের তিনটি গেমিং ল্যাপটপ এনেছে গিগাবাইট। প্রতিটি ল্যাপটপেরই নকশা করা হয়েছে গেমারদের জন্য। এসব ল্যাপটপের পর্দা ফোরকে প্রযুক্তির। এর মধ্যে এক্স ৯-এর পর্দা ১৭ ইঞ্চি এবং পুরুত্ব ৩০ মিলিমিটার।
সূত্র: টেক রাডার