কম্প্রেসর যন্ত্রাংশ রপ্তানিতে ইউরোপের প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
জার্মানভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ হাইজহোল্ড কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সিকপ জিএমবিএইচ’-এর কাছে কম্প্রেসরের যন্ত্রাংশ সরবরাহ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিকপের সঙ্গে এক দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তি করেছে ওয়ালটন।
গত বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস অ্যাগ্রিমেন্ট সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিকপ ও ওয়ালটনের মধ্যে এক ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। সিকপ গ্রুপের প্রকিউরমেন্ট ডিরেক্টর জেরাল্ড কোবের ও ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিনেটর (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, অস্ট্রিয়ায় বাংলাদেশি দূতাবাসের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত ও ওয়ালটন কম্প্রেসরের চিফ এক্সিকিউটিভ অফিসার রবিউল আলম।
যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ওয়ালটন কম্প্রেসরের চিফ অপারেটিং অফিসার নাসির উদ্দিন মণ্ডল, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুর রউফ ও রেজাউল ইসলাম মিনার, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফিন নাদভী প্রমুখ।
সিকপ ও ওয়ালটনের মধ্যকার সমব্যবসায়িক চুক্তিকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর নিশাত তাসনিম শুচি। তাঁর প্রত্যাশা, ওয়ালটনের সঙ্গে সিকপের এই ব্যবসায়িক সম্পর্ক বহুদূর এগিয়ে যাবে।
জেরাল্ড কোবের জানান, কম্প্রেসরের মেটাল কাস্টিং পার্টস নেওয়ার মধ্য দিয়ে ওয়ালটনের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক পথচলা শুরু করেছে সিকপ। ভবিষ্যতে কম্প্রেসরের অন্যান্য যন্ত্রাংশও ওয়ালটন থেকে নেওয়ার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বলেন, হাইটেক ইলেকট্রনিকস পণ্য এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। শুধু তা-ই নয়, বাংলাদেশি ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের তৈরি কম্প্রেসর যন্ত্রাংশ অস্ট্রিয়ার মতো উন্নত দেশের বাজারে রপ্তানি হচ্ছে। একজন বাংলাদেশি হিসেবে এটি অত্যন্ত গর্বের।
এডওয়ার্ড কিম বলেন, ওয়ালটন ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ নির্ধারণ করেছে। সেই লক্ষ্য পূরণে ২০২১ সালে ইউরোপের ২১টি দেশে রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন।
রবিউল আলম জানান, নিজস্ব চাহিদা মিটিয়ে তুরস্ক, ইতালি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইরাকসহ বিভিন্ন দেশে কম্প্রেসর ও এর যন্ত্রাংশ রপ্তানি করছে ওয়ালটন।
কম্প্রেসর তৈরির কাঁচামাল হিসেবে বার্ষিক ৭ মিলিয়নের বেশি যন্ত্রাংশ প্রয়োজন হয় সিকপের। চাহিদার পুরোটাই বাংলাদেশে তৈরি যন্ত্রাংশ দিয়ে মেটানোর প্রত্যাশা করছে ওয়ালটন।
বাংলাদেশ এশিয়ার অষ্টম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশ। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থাপন করা হয়েছে বাংলাদেশের একমাত্র কম্প্রেসর কারখানা। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই কম্প্রেসর উৎপাদন করেছে। বিজ্ঞপ্তি