করব্যবস্থা ডিজিটাল করার আহ্বান
দেশে ডিজিটাল পদ্ধতিতে কর আদায় ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। কর আদায়ের যে পদ্ধতি বর্তমান রয়েছে, এটাকে অনলাইন করতে পারলেই কয়েক গুণ বেশি রাজস্ব পাবে সরকার। তা ছাড়া অনলাইন পদ্ধতি চালু হলে মূল্য সংযোজন কর (মূসক) প্রদানে অনেক গ্রাহক উৎসাহিত হবেন। গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। জাতীয় বাজেটকে সামনে রেখে বেসিসের সম্মেলনকক্ষে ‘করব্যবস্থা ডিজিটাইজেশন: রাজস্ব আদায়ে গতিশীলতা ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর জানান, সরকার বেশিপরিমাণে রাজস্ব পেতে চলতি অর্থবছরে ব্যাপক সংস্কারের আওতায় একে স্বয়ংক্রিয় করার কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। যার মধ্যে রাজস্বসংক্রান্ত মামলাজট নিরসন, আয়করের ই-ফাইলিং পদ্ধতি, অনলাইনে কর পরিশোধ পদ্ধতিসহ বেশ কিছু প্রকল্প শুরু হয়েছে। এ ছাড়া আগামী সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে টিন/বিন নিবন্ধন করা যাবে এবং নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র তথ্যভান্ডারের সঙ্গে অনলাইনে তথ্য যাচাই করার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ‘স্বয়ংক্রিয় পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মূসকসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ ও দাখিলপত্র পেশ করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হলেও এখনো তা শুরু হয়নি। এটা শুরু হলে সরকারই বেশি লাভবান হবে।’সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের সাবেক তিন সভাপতি—মাহবুব জামান, হাবিবুল্লাহ এন করিম ও রফিকুল ইসলাম। মাহবুব জামান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে দরকার দেশের রাজস্ব আয় বাড়ানো। আর তাই জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা বাড়াতে পারলে দেশের আয় আরও বাড়বে।’অনলাইনে অনেক কাজ রাজস্ব বোর্ড শুরু করলেও এগুলো এখন নামমাত্র অবস্থায় আছে। এসব আবার চালু করতে বেসিস প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। —হাসান ইমাম