কর্ণাটকে স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক প্রদেশের বিধানসভায় নারী ও শিশুকল্যাণ কমিটির পক্ষে বিধায়কদের গড়া কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোনের জন্যই অস্বাভাবিক হারে বাড়ছে ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা। তাই স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। শুক্রবার রাজ্য বিধানসভায় এই প্রতিবেদন পেশ করা হয়। বিধানসভার ২৩ জন সদস্য নিয়ে গঠিত ওই কমিটি এই প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মোবাইল ফোনের কারণে স্কুল ও কলেজে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রাম ও শহর থেকে দূরবর্তী নানা জায়গায় মোবাইল ফোনের মাধ্যমেই মেয়েদের নানাভাবে প্রভাবিত করা হয়। প্রতিবেদনে শিক্ষা দপ্তরকে স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করা হয়েছে।
কমিটির আহ্বায়ক বিধায়ক শকুন্তলা শেট্টি বলেছেন, মিসড কল দিয়েও মেয়েদের ফাঁসানো হচ্ছে। মোবাইল ফোনের কারণে বহু মেয়েই প্রতারকদের খপ্পরে পড়ছে। তাই স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। —অমর সাহা, কলকাতা