কর্তৃপক্ষের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: ২ হাজার ১৬৭ দিন পর হার মানল আমলাতন্ত্র। জিতলেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। বাংলাদেশে জন্ম নেওয়া কানাডার এই নাগরিক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে নিজের গাড়ি নিয়ে ২০১০ সালের মে মাসে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তান সফর শেষে তিনি করাচি বন্দরে জাহাজে তুলে দেন তাঁর গাড়িটি। কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে গাড়িটি বের করতে তাঁর সময় লাগল প্রায় ছয় বছর। (সূত্র: প্রথম আলো, ২৭ মে ২০১৬)

গাড়ি ফেরত পাওয়ার পর আবদুস সাত্তার। ছবি: প্রথম আলো
গাড়ি ফেরত পাওয়ার পর আবদুস সাত্তার। ছবি: প্রথম আলো

যথাযথ কর্তৃপক্ষ নিজেদের পক্ষে সাফাই গেয়ে যেসব যুক্তি দাঁড় করাতে পারত—

 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘স্ফুলিঙ্গ’ কবিতায় বলেছেন, ‘...দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু।/ দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু।’ কবিগুরুর কবিতার মতোই আবদুস সাত্তারের দশা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। বিশ্বভ্রমণে বের হয়েছিলেন অথচ হয়তো দেশের অনেক কিছুই দেখেননি। এটা মস্ত বড় বোকামি। তাই তাঁর এই ভুল ভাঙানো ও দেশটা ঘুরিয়ে দেখানোর মহৎ উদ্দেশ্যেই তাঁকে বাংলাদেশে আটকে রাখা হয়েছিল।

 বাঙালি অতিথিপরায়ণ জাতি। আমরা বিশ্বাস করি, অতিথি আসবে নিজের ইচ্ছায় আর যাবে আমাদের ইচ্ছায়। আবদুস সাত্তার আমাদের অতিথি। অতিথিকে সহজে ছেড়ে দেওয়া আতিথেয়তার বিপরীত। তাই আতিথেয়তার খাতিরেই নানান অজুহাতে তাঁকে আটকে রাখা হয়েছিল।

 কথায় আছে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’ অন্যান্য দেশ ভালোভাবে না ভেবেই খুব দ্রুত আবদুস সাত্তারের গাড়িটি ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা ভালোভাবে না ভেবে কাজ করার লোক নই। আর ভালোভাবে ভাবতে ভাবতেই আমাদের এই ছয় বছর দেরি হয়েছে। ভেবে কাজ করা নিশ্চয়ই দোষের কিছু নয়!