কর্মকর্তাদের জন্য ডিজিটাল বাংলাদেশ কর্মশালা
দেশের জেলা পরিষদগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) জন্য ডিজিটাল বাংলাদেশবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। খবর বিজ্ঞপ্তির।রাজধানীর হোটেল রূপসী বাংলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এবং স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. সহিদ খান। এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে ইতিমধ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছ। দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নে স্থাপিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে গ্রামীণ জনগোষ্ঠী বিভিন্ন তথ্য ও সেবা পাচ্ছে। ৩১টি জেলায় চালু করা হয়েছে জেলা ই-সেবাকেন্দ্র। আগামী মাসের মধ্যে সব জেলায় এটি চালু করা হবে। জেলা ও উপজেলার প্রতিটি অফিসে ওয়েব পোর্টাল করার মাধ্যমে বিভিন্ন ই-সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর থেকে প্রায় ৭০০টি সহজসাধ্য উদ্যোগ (কুইক উইন) বাস্তবায়নের কাজ চলছে। জেলা পরিষদের প্রধান নির্বাহীদের ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিতকরণ, নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে উ ৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ৬৫ জন সিইওকে সরকারি ই-মেইল ঠিকানা খোলা, ই-মেইলের ব্যবহার, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র ব্লগ ও উপজেলা পর্যায়ের তথ্য বাতায়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়।