কর্মক্ষেত্রে স্বামীর উপস্থিতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষের সঙ্গে কোনো ব্যবসায়িক পেশাজীবন শুরু করলেও তাতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নারীরা সাধারণত পিছিয়ে থাকেন। আর স্বামী সহকর্মী হলে কোনো নারীর নেতৃত্বে পৌঁছানোর সম্ভাবনাও কমে যায়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এমনটিই দাবি করছেন।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হাওয়ার্ড অলড্রিচ ও তাঁর সহযোগী ছাত্র তিয়ানতিয়ান ইয়াং ওই গবেষণায় নেতৃত্ব দেন। ৮৮০ জন ব্যবসায়িক উদ্যোক্তা ওই গবেষণায় অংশ নেন। ইয়াং বলেন, এই গবেষণার মাধ্যমে তাঁরা ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের ব্যক্তিগত সীমাবদ্ধতার বিভিন্ন কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। এতে করে শীর্ষ পর্যায়ে পৌঁছানোর ব্যাপারে নারীর সম্ভাবনা বৃদ্ধির উপায় খুঁজে পাওয়া যেতে পারে।

গবেষণায় অংশগ্রহণকারীদের ৭০ শতাংশই ছিলেন স্বামী-স্ত্রী। ইয়াং আরও বলেন, সাংস্কৃতিক কারণেই নারী ঘরোয়া কাজকর্ম করবেন এবং পুরুষ উপার্জনে ব্যস্ত থাকবেন—এমন ধারণার ভিত্তিতে লিঙ্গবৈষম্যের প্রচলন রয়েছে। ঘরে অনেক সন্তানের উপস্থিতিতেও একজন নারী নেতৃত্ব দিতে পারেন। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় ভিন্ন পরিস্থিতি।

গবেষকেরা বলেন, প্রতিষ্ঠান চালুর প্রথম দিকে একটি মানদণ্ড প্রণয়নের পরিপ্রেক্ষিতে দায়িত্ব বণ্টন ও আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের মাধ্যমে নেতৃত্বে লিঙ্গবৈষম্যের নেতিবাচক প্রভাব দূর করা সম্ভব।

আমেরিকান সোশিওলজিক্যাল রিভিউ সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আইএএনএস।