কর্মজীবী নারীর সন্তান বেশি বুদ্ধিমান

সংসারের খরচ জোগাতে যে নারীকে ঘরের বাইরে গিয়ে কাজ করতে হয়, তাঁর সন্তানেরা আচরণ ও বুদ্ধিমত্তায় তুলনামূলক এগিয়ে থাকে৷ তাই সন্তানকে বঞ্চিত করছেন এমন ভেবে কর্মজীবী মায়ের নিজেকে অপরাধী ভাবার সুযোগ নেই৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন৷ এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ ডেভেলপমেন্ট সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷
গবেষকেরা বলেন, নয় মাস থেকে দুই বছর বয়সী যেসব শিশুকে ঘরে রেখে মায়েরা কর্মক্ষেত্রে যান, তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ অন্যদের চেয়ে কোনো না-কোনোভাবে ভালো হয়৷ তবে শুধু নিম্নবিত্ত পরিবারের মা ও শিশুদের ক্ষেত্রেই এই গবেষণার ফলাফল প্রযোজ্য৷ আর সম্পদশালী পরিবারের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত৷ কয়েক দশক আগে জন্মগ্রহণকারী শিশুদের ক্ষেত্রেও এ ধরনের গবেষণা ভিন্ন ফলাফল দেখায়৷ সম্ভবত তখনকার সাংস্কৃতিক ভিন্নতা এবং এখনকার তুলনামূলক উন্নতমানের শিশুসেবাই এই ব্যবধানের কারণ৷
এ গবেষণার জন্য বোস্টন কলেজের গবেষক ক্যাটিলিন ম্যাকফেরান ও তাঁর সহযোগীরা যুক্তরাষ্ট্রে ২০০১ সালে জন্মগ্রহণকারী ১০ হাজার ৭০০ শিশুর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন৷ দেশটির জাতীয় শিক্ষা পরিসংখ্যান কেন্দ্রের এক জরিপে এসব তথ্য-উপাত্ত নেওয়া হয়েছিল৷ সূত্র: সায়েন্সডেইলি৷