কর্মশালা হলো চট্টগ্রাম ও সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকার আয়োজনে গুগল সামার অব কোড ২০১৩-এর (জিসক ২০১৩) প্রথম পর্যায়ের কর্মশালা সম্প্রতি চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হয়েছে। এর আগে ঢাকার বেসিস মিলনায়তনে এবং একই কর্মশালা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে গুগল শিক্ষার্থীদের জন্য প্রতিবছরের গ্রীষ্মে জনপ্রিয় বিভিন্ন মুক্ত সফটওয়্যার প্রকল্পে কাজ করে পাঁচ হাজার ডলার আয়ের সুযোগ করে দেয়। কাজ করতে হয় মাত্র আট সপ্তাহ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশের জিসক প্রচারণার উদ্যোক্তা মাহে আলম খান বলেন, ‘২০০৫ সালে জিসক শুরু হওয়ার পর সারা বিশ্ব থেকে ছয় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিলেও বাংলাদেশ থেকে এ পর্যন্ত খুব বেশি আবেদন জমা পড়েনি। এর মধ্যে ২০ জনের কম শিক্ষার্থীর আবেদন গৃহীত হয়েছিল। অন্যদিকে শ্রীলঙ্কা থেকে গৃহীত হয় ১৬৪ জন শিক্ষার্থীর আবেদন।’বাংলাদেশ থেকে জিসকে অংশগ্রহণ বাড়াতে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা ও অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করছে। সিলেটের অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজের দক্ষতা মূল্যায়নপূর্বক পেশা বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরে পরামর্শ দেন জিডিজি ঢাকার আয়োজক হাসান সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব। গুগল ডেভেলপার গ্রুপ নিয়ে আলোচনা করেন আরিফ নিজামী ও ফয়সাল আহমেদ। একই ধরনের একটি কর্মশালা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট) অনুষ্ঠিত হয়। শাবিপ্রবি এবং চুয়েটে অনুষ্ঠিত আয়োজনে সহযোগিতা করে সাস্ট সিএসসি সোসাইটি এবং চুয়েট সিএসসি বিভাগ। —নিজস্ব প্রতিবেদক