কর্মী ছাঁটাই করবে নকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া গতকাল বুধবার বলেছে, তারা ২০১২ সালের শেষ নাগাদ তাদের প্রতিষ্ঠান থেকে চার হাজার কর্মী ছাঁটাই করবে। এ ছাড়া আরও তিন হাজার কর্মীকে তাদের পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেন্টারে বদলি করা হবে। চলতি বছরের শেষ নাগাদ এসব কর্মীকে বদলি করা হবে। গত ফেব্রুয়ারি মাসে নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ ঘোষণা দিয়েছিলেন, তাঁরা তাঁদের অপারেটিং সিস্টেম সিমবিয়ান বাদ দিচ্ছে এবং এর বদলে মাইক্রোসফটের মোবাইল ফোন অপারেটিং সিস্টেম গ্রহণ করবে। তখন থেকেই কর্মী ছাঁটাইয়ের এমন একটি ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছিল। নকিয়া জানায়, বিশ্বজুড়ে তাদের কার্যালয় ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্রায় প্রতিটি কার্যালয় থেকে কর্মী ছাঁটাই করা হবে। তবে সবচেয়ে বেশি ছাঁটাই করা হবে ডেনমার্ক, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের কার্যালয়গুলো থেকে। এদিকে ফিনল্যান্ড, চীন, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কার্যালয় থেকে কর্মীদের অ্যাকসেন্টারে বদলি করা হবে। গত সপ্তাহে নকিয়া ঘোষণা করেছিল, তারা ২০১৩ সালের মধ্যে তাদের প্রতিষ্ঠানের ব্যয় ১০০ কোটি ইউরো কমিয়ে আনবে। আর এ জন্য কর্মী ছাঁটাই করা ছাড়া কোনো উপায় নেই। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান