কর্মী ছাঁটাই করবে রিম
ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। ২০ জুন বুধবার এই পরিকল্পনা কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ক্ষতির মুখে পড়া প্রতিষ্ঠানটি বছরে ১০০ কোটি ডলার খরচ বাঁচাতেই এই পরিকল্পনা গ্রহণ করেছে। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ঠিক কতজনকে ছাঁটাই করা হবে, এ তথ্য রিমের পক্ষ থেকে নিশ্চিত করা না হলেও বিশ্লেষকেরা ধারণা করছেন চলতি বছর ছয় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।যুক্তরাষ্ট্রের জেফরিস অ্যান্ড কোম্পানির প্রযুক্তি বিশ্লেষক পিটার মিসেক বলেছেন, একসময়ের বিখ্যাত কোম্পানি রিম বর্তমানে দুরবস্থায় রয়েছে। আর আর্থিক এ দুরবস্থা থেকে রেহাই পেতেই নতুন পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবেই কর্মী ছাঁটাই করা হতে পারে। পাশাপাশি ব্ল্যাকবেরি ১০ নামে নতুন একটি অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে আবারও ঘুরে দঁাড়াতে চাইছে রিম। নতুন অপারেটিং সিস্টেমের কাজ শুরু করায় পুরোনো কর্মীদের বিদায় দিতে পারে প্রতিষ্ঠানটি।বাজার গবেষণা প্রতিষ্ঠান এনডিপি গ্রুপের তথ্য অনুসারে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে রিমের স্মার্টফোনের বাজারে শেয়ার ছিল ৪৪ শতাংশ। ২০১১ সালে তা ১০ শতাংশে নেমে এসেছে।