কর্মী মূল্যায়নে ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগপ্রার্থীদের আচরণ পর্যবেক্ষণে দীর্ঘদিন ধরেই একটি স্বীকৃত পদ্ধতি হিসেবে ব্যবহূত হয়ে আসছে সাক্ষাত্কার। যুগ যুগ ধরে চলা এ পদ্ধতিতে মুখোমুখি আলাপচারিতায় চাকরিপ্রার্থী কিংবা অধীনস্তদের আচরণ মূল্যায়ন করেছেন প্রতিষ্ঠানের পদস্থ ব্যক্তিরা। তবে ইদানীং প্রথাগত এ ধারা থেকে কিছুটা হলেও সরে এসেছেন নিয়োগকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নপদস্থদের পছন্দ-অপছন্দের বিভিন্ন দিকগুলো বিবেচনা করে তাঁদের সম্বন্ধে মূল্যায়নে নিয়োগকর্তাদের আগ্রহের মধ্য দিয়ে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।জানা গেছে, চাকরিপ্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানতে তাঁদের ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে নজরদারি একরকম স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে কেবল ফেসবুক ব্যবহার করেই মূল্যায়ন করা হচ্ছে ভবিষ্যত্ কর্মীদের। দুটি উপায়ে এ কাজটি করা হচ্ছে। প্রথম ক্ষেত্রে চাকরিপ্রত্যাশীদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। অন্যদিকে মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বন্ধুত্ব কিংবা দাপ্তরিক কাজে ব্যবহূত কম্পিউটার ব্যবহারের তাগিদ দেওয়ার মাধ্যমে কিছু কিছু প্রতিষ্ঠান কর্মীদের আচরণ যাচাই করে থাকে। কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পরও এ নজরদারি প্রক্রিয়া চলতে থাকে। যেমন, সদ্য পাওয়া কোনো কর্মীকে তাঁর ইচ্ছার বাইরেও একটি চুক্তিতে আবদ্ধ করা হয়। এ চুক্তি অনুযায়ী, কর্তা সম্বন্ধে নেতিবাচক কিছু প্রকাশ করতে পারবে না কর্মীরা।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আগামী দিনগুলোতে কর্মী মূল্যায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়বে। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৫ সালের মধ্যে ৬০ ভাগ পদস্থ ব্যক্তি কর্মস্থলে তাঁদের অধীনস্থদের নজরদারি করবে সামাজিক মাধ্যম ব্যবহার করে। এই উপায়ে কোনো কর্মী প্রতিষ্ঠান সম্বন্ধে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফাঁস করছে অথবা কর্মস্থল সম্বন্ধে নেতিবাচক কিছু বলছে কি না, তা জানা যাবে। এ বিষয়ে গার্টনারের গবেষণা শাখার সহসভাপতি অ্যান্ড্রু ওয়ালস বলেন, নতুন প্রযুক্তি সুবিধা ব্যবহার করে ডিজিটাল পরিবেশে কর্মীদের আচরণ মূল্যায়নের ঘটনা বেড়েছে। তাঁর মতে, এতে সুবিধা-অসুবিধা দুটোই আছে। ওয়ালস বলেন, প্রতিষ্ঠানের ভেতর-বাইরে কর্মীর মূল্যায়ন প্রক্রিয়া প্রতিষ্ঠানের সামর্থ্যের ওপর নির্ভর করে। তাই মূল্যায়নের আগে নৈতিক ও আইনি বিষয়গুলোও ভেবে দেখা দরকার।এদিকে চলতি বছরের শুরুতে কর্মীদের ফেসবুকে নিয়োগকর্তা বা অন্য ব্যক্তিদের অবাধ প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে ফেসবুক। এর মাধ্যমে অসদুপায়ে বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ এই সাইটটি।