কল অব ডিউটি সিরিজে নতুন গেম

কল অব ডিউটি ভিডিও গেমের কথা সবারই জানা। এটি যুদ্ধভিত্তিক ফার্স্ট পারসন শুটার গেম সিরিজ। গেমটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবলম্বনে তৈরি করা হলেও ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার’, ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ গেমটিতে আধুনিক যুদ্ধ, ‘কল অব ডিউটি: ব্ল্যাক ওপস’ ভিয়েতনাম যুদ্ধ ও স্নায়ু যুদ্ধকে কেন্দ্র করে তৈরি।
কল অব ডিউটির নতুন সংস্করণটি আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে তৈরি করার কথা বলেছে গেম প্রকাশক অ্যাক্টিভিশন। গত ফেব্রুয়ারি মাসে বার্ষিক আয় ঘোষণার সময় অ্যাক্টিভিশন বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছিল, এই ফ্র্যাঞ্চাইজি আবার শিকড়ে ফিরছে। এর অর্থ, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনিনির্ভর গেম তৈরি করবে প্রতিষ্ঠানটি।
ইউটিউবে একটি গেম চ্যানেলের তথ্য অনুযায়ী, এ বছরের কল অব ডিউটির কাহিনি গড়ে উঠবে চল্লিশ দশকের পটভূমিতে। এবারের গেমের নাম হতে পারে ‘কল অব ডিউটি: ওয়ার্ল্ড ওয়্যার টু’। তবে এ নামটিই চূড়ান্ত কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
সাধারণত প্রতিবছরেই কল অব ডিউটি গেমটির একটি নতুন সংস্করণ ছাড়ে অ্যাক্টিভিশন। ইনফিনিটি ইয়ার্ড, ট্রেয়ার্ক ও স্লেজহ্যামার গেম ঘুরিয়ে-ফিরিয়ে গেমগুলোর নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
গত বছরে উন্মুক্ত হওয়া কল অব ডিউটি: ইনফিনিট ওয়্যারফেয়ার গেমটি খুব বেশি সাড়া ফেলেনি। এটির নির্মাতা ছিল ইনফিনিটি ইয়ার্ড। ২০১৫ সালের কল অব ডিউটি: ব্ল্যাক ওপস থ্রির নির্মাতা ট্রেয়ার্ক। ২০১৪ সালে কল অব ডিউটি: অ্যাডভান্সড ওয়্যারফেয়ার তৈরি করেছিল স্লেজহ্যামার।
কল অব ডিউটি সিরিজের গেমগুলোর প্রথম পাঁচটির মধ্যে চারটির কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘিরে। কিন্তু পরে প্রতিদ্বন্দ্বিতার জন্য আধুনিক যুদ্ধনির্ভর গেম ছাড়ে অ্যাক্টিভিশন। কিন্তু গেমারদের খুব বেশি আকর্ষণ না দেখতে পেয়ে আবার ফিরে যাচ্ছে চল্লিশের দশকে। তথ্যসূত্র: এনডিটিভি।