কল ড্রপ হলে মিনিট ফেরত দেবে বাংলালিংক

মোবাইল ফোন গ্রাহকদের জন্য ‘মিনিট ব্যাক অন কল ড্রপ’ নামের নতুন একটি সেবা নিয়ে এল মোবাইল অপারেটর বাংলালিংক। মোবাইল ফোনে অবাধ বা নিরবচ্ছিন্ন যোগাযোগ বা কথোপকথনের সময়ে কল ড্রপ বিঘ্ন ঘটায় এবং এতে গ্রাহকেরা যথেষ্ট বিরক্ত হন।
বাংলালিংক কর্তৃপক্ষ দাবি করেছে, বাংলাদেশে প্রথমবারের মতো ‘মিনিট ব্যাক অন কল ড্রপ’ চালু করেছে তারা। গ্রাহকদের ভালোমানের সেবা দিতে দেশব্যাপী বাংলালিংকের নেটওয়ার্ক কাভারেজ আধুনিকায়ন করা হয়েছে। এতে কল ড্রপ হওয়ার হার একেবারে কমে আসবে। এতে গ্রাহকেরা অবাধে কথা বলতে পারবেন।
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে বাংলালিংক কয়েক বছর ধরে নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। নেটওয়ার্ক আধুনিকায়নে বিনিয়োগের জন্য বাংলালিংক প্রথমবারের মতো বিদেশি মুদ্রায় বন্ড ছেড়ে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। বর্তমানে বাংলালিংকের থ্রিজি নেটওয়ার্ক দেশের ৬৪ জেলাতেই পৌঁছেছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেছেন, বাংলালিংক গ্রাহকদের জন্য ভালো মানের সেবা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আমরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে নেটওয়ার্ক আধুনিকায়ন করেছি, যাতে গ্রাহকেরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ মানের সেবা উপভোগ করতে পারেন। বাংলালিংকের “মিনিট ব্যাক অন কল ড্রপ” শীর্ষক সেবাটি এ দেশের মোবাইল ফোনের বাজারে এক অনন্য সংযোজন।’