কল সেন্টার শিল্পে রয়েছে সম্ভাবনা
বাংলাদেশ কল সেন্টার শিল্পে রয়েছে যথেষ্ট সম্ভাবনা। প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যথোপযুক্ত গ্রাহকসেবা প্রদানের জন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কল সেন্টার সেবা চালু হওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা আউটসোর্স করার ওপর জোর দেওয়া উচিত। এর মাধ্যমে আশা করা যায়, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শিল্পের সহায়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কল সেন্টার শিল্প সামনে এগিয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) আয়োজিত ‘প্রেজেন্ট স্ট্যাট অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড বিপিও ইন্ড্রাস্ট্রি: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিইউআইএলডি) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, এ খাত দেশের রপ্তানি ও জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এর জন্য সবার আগে দেশীয় মার্কেটের মাধ্যমের উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) উপসমন্বয়ক মো. হাফিজুর রহমান, বাক্যর সভাপতি আহমাদুল হকসহ অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর সহযোগী হিসেবে ছিল আইবিপিসি। —নিজস্ব প্রতিবেদক