কলকাতায় সাইবার অপরাধ থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কলকাতা পুলিশের আবেদনে সাড়া দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রথম সাইবার অপরাধ দমনের জন্য কলকাতায় তৈরি হতে চলেছে সাইবার অপরাধ থানা। শনিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব সমর ঘোষ বলেছেন, কলকাতায় একটি সাইবার অপরাধ থানা গড়ার জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। কলকাতা শহরে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশ এর আগে এ শহরে একটি সাইবার অপরাধ থানা গড়ার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে এবার সাড়া দিয়েছে রাজ্য সরকার। যদিও কলকাতা পুলিশের নিজস্ব কোনো সাইবার অপরাধ থানা না থাকলেও সাইবার অপরাধ দমনের জন্য কলকাতা পুলিশের পৃথক শাখা রয়েছে। এবার এই থানা গড়ে উঠলে শহরে সাইবার অপরাধ দমনে কলকাতা পুলিশ সক্রিয় ভূমিকা নিতে পারবে। কলকাতা পুলিশ সূত্রে প্রকাশ, এই থানা একজন ওসি, একজন অতিরিক্ত ওসি, দুজন পরিদর্শক, ১৯ জন উপপরিদর্শক, ১৫ জন অতিরিক্ত উপপরিদর্শক, ৩০ জন কনস্টেবল এবং ছয়জন গাড়িচালক নিয়ে গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। —অমর সাহা, কলকাতা