কলম আর পেন্সিল
সময়টা ছিল ২০১২ সাল। ফেব্রুয়ারি মাস। উত্তরবঙ্গসহ পুরো দেশে প্রচণ্ড রকম শীত জেঁকে বসেছিল। সেই হাড়কাঁপানো শীতে সবাই যখন নিজেদের বাঁচাতে ব্যস্ত, তখন রিদউয়ান, মোহাইমিন, পলাশ, শমার্থী, মৌ, সিঁথি, হূদয়, রিয়ান, রাব্বী, মুনতাসির, মৌটুসী, তৌকীর, জাকী ও লিজনদের মাথায় অন্য রকম একটা চিন্তা খেলা করে গেল। তারা নিজেরাই যখন শীতে এমন বিপর্যস্ত, না-জানি দরিদ্র-অসহায় মানুষের কী অবস্থা! তাদের জন্য কি কিছু করা যায় না?
এই চিন্তা থেকেই ‘অপরাজিত’-এর জন্ম। ওপরে যাদের কথা বলা হলো, তারা সবাই ছিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা ২০১০ সাল থেকে কলম পেন্সিল নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করে আসছে। তবে কলম পেন্সিলকে তারা কেবল একটি পত্রিকা নয়, বরং একটি সংগঠন বলে মনে করে। এ কারণে তারা কলম পেন্সিল-এর উদ্যোগে ‘অপরাজিত’ নামে একটি প্রকল্প গ্রহণ করে, যার মূল উদ্দেশ্য দেশের দরিদ্র-অসহায় ব্যক্তিদের যথাসম্ভব সাহায্য করা। এ প্রকল্পের নাম অপরাজিত হওয়া সম্পর্কে রিদউয়ান জানায়, ‘আমরা মনে করি, এ দেশের মানুষ দরিদ্র হতে পারে, কিন্তু তারা কখনো জীবনযুদ্ধে পরাজয় মেনে নেয় না। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়েও তারা একদিন মাথা তুলে দাঁড়াবেই। তাই এই নাম।’
অপরাজিতর কার্যক্রম প্রথম শুরু হয় ২০১২ সালের সেপ্টেম্বরে। সৈয়দপুর উত্তরবঙ্গের একটি শহর। সেখানে শীতের প্রকোপ খুব বেশি। এ জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু উদ্যোগ গ্রহণ করলে কী হবে, টাকা আসবে কোথা থেকে? এ প্রশ্নের উত্তর দেয় মৌ, ‘প্রথমে অপরাজিতর সদস্যরা নিজেরাই টাকা দিতে থাকি। যেহেতু আমরা শিক্ষার্থী, তাই দেখা গেল, এভাবে খুব বেশি কিছু করা সম্ভব নয়। তখন আমরা নিজেদের চেনা পরিচিত মানুষজন ও আত্মীয়স্বজনকে এ বিষয়ে বলি। আর বন্ধুবান্ধব তো ছিলই। তাদের কাছ থেকে আমরা অনেক সাড়া পেয়েছি।’ মাহমুদুল বলে, ‘শিক্ষকেরাও এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন। আর অভিভাবকেরা তো ছিলেনই।’ তখন মোহাইমিন একটু দ্বিমত পোষণ করে বলে, ‘কিছু অভিভাবক আমাদের অনেক সাহায্য করেছেন। তবে অনেকেই বলেছেন, এসব করে তোমাদের কী লাভ, পড়াশোনার ক্ষতি হবে ইত্যাদি।’
এর মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় ঝর্ণা, সুমি, হাবীবা, বৃষ্টি, মাহমুদুল, সরণ, সামিন, বিপ্লবসহ অনেকে। ফলে দ্বিগুণ উৎসাহে তাদের কার্যক্রম এগিয়ে যেতে থাকে। একদিকে যেমন তহবিল গঠন চলতে থাকে, অন্যদিকে পুরোদমে চলতে থাকে গরম কাপড় সংগ্রহ।’
এরপর সৈয়দপুরের দুটি প্রত্যন্ত ইউনিয়নে ও পার্বতীপুর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সম্পর্কে লিজন ও রিয়ান জানায়, ‘পড়াশোনাই যে সব নয়, মানুষের জন্য কিছু করতে পারার যে কী আনন্দ, তা সেদিন টের পেয়েছিলাম।’
শুধু শীতবস্ত্র বিতরণই নয়, অপরাজিতর পক্ষ থেকে ছিন্নমূল শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ জন্য তাদের মধ্যে খাতা ও পেনসিল বিতরণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে শমার্থী ও সিঁথি বলে, ‘সামনে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা চলছে। আর এ বছরও আমরা আমাদের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রাখব।’
শুধু অপরাজিতই নয়, কলম পেন্সিল-এর সদস্যদের উদ্যোগে ‘কলম পেন্সিল ম্যাথ ক্লাব’ গঠন করা হয়েছে। গত ২৮, ২৯ ও ৩০ জুন স্থানীয়ভাবে গণিত অলিম্পিয়াড ও গণিতভীতি দূর করার জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়।
কলম পেন্সিল-এর সদস্যরা সবাই এখন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। পড়াশোনার চাপে এত কাজ করার সময় তারা কীভাবে পায়, জানতে চাইলে তারা জানায়, ‘সদিচ্ছা থাকলে যেকোনো কাজই করা সম্ভব। আর তরুণদের এ ধরনের কাজে আরও বেশি করে এগিয়ে আসা উচিত। আমরা প্রিয় বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশের তালিকায় দেখতে চাই।’